# মানুষ এবং

Author: জিসান শা ইকরাম
Published: 2019-02-28
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82/

আমরা ‘ মানুষ সৃষ্টির সেরা জীব’ বলে আত্মপ্রসাদ লাভ করি সব সময়ই। অথচ আমাদের দেশের মানুষদের প্রতি দৃষ্টি দিলে এ কথাটির অসারতা প্রায়ই অনুভব করি। মানুষে মানুষে বিভেদ, হানাহানি, হিংস্রতা দেখে নিজকে এদের কাতারে দার করতেও কেমন অস্বস্তিবোধ হয়।

কি করছি না আমরা মানুষ হয়ে? রোজার বাজার লক্ষ্য করে সম্প্রতি কিছু মানুষ বিদেশ থেকে অনেক পূর্বের মেয়াদ উত্তীর্ন মহিষ, ভেড়া গোস্ত এবং মাছ আমদানী করেছে কয়েক হাজার মন। যা একটি কোল্ড স্টোরেজ থেকে উদ্ধার করা হয়েছে। এবার না হয় উদ্ধার করা হয়েছে, গত বছর বা তার আগের বছর যে এমন মেয়াদ উত্তীর্ন গোস্ত এবং মাছ যে আমাদের খাওয়ানো হয়নি তার নিশ্চয়তা কি?

নকল দুধ প্রস্তুত হচ্ছে পচা গুড়ো দুধ, সেম্পু, সোডা দিয়ে। খাচ্ছিও আমরা এই দুধ। মুরগীকে খাওয়ানো হচ্ছে ট্যানারীর ফেলে দেয়া বর্জ। কিছুদিন পূর্বে একটি পল্ট্রী ফুড ইন্ডাস্ট্রিজ এ অভিযান চালিয়ে অনেককে গ্রেফতার করা হয়েছে। পল্ট্রি ফুডের কাঁচামাল এর কথা জেনে মুরগী খাওয়াই বাদ দিয়েছি বলতে গেলে। শুধু গরুর গোবর রোদে শুকিয়ে মেশিনে গুড়ো করে প্যাকেট করা হয় এই পল্ট্রি ফুড ইন্ডাস্ট্রিজ এ। এরা গত কয়েক বছর এই প্রডাক্ট বাজারে বিক্রি করছে।

প্রতারনা, মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা, খুন, ধর্ষন, আগুনে পুড়িয়ে মারা সহ যাবতীয় অনৈতিক কর্মকাণ্ড আমরা মানুষই করছি।  
দেশে দেশে যুদ্ধ, মানুষ হয়ে অন্য মানুষকে নিশ্চিহ্ন করা এখন যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

তারপরেও আমরা মানুষের উপর আস্থাশীল থাকি, ভালোবাসি মানুষকে। প্রকৃত মানুষ হয়ে সৃষ্টির সেরা জীব হবার প্রাণপন চেষ্টা আমাদেরই করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানুষ্য বসবাস উপযোগী একটি নিরাপদ এবং বিশুদ্ধ বিচরণ ভূমি তৈরী করার সর্বাত্মক চেষ্টা আমরাই করবো।  
\====================================================================  
![](https://sonelablog.com/wp-content/uploads/2019/02/52918078_546167652539792_7008399158256074752_n.jpg)  
এই ছবিটি দেখলে মনে হয় না এটি প্রাচীন কোন নিখুঁত স্থাপত্য? আমি নিজেও এই ভুলটা করতা্ম যদি না আমি এই [**ভিডিওটি**](https://www.facebook.com/garytvcom/videos/1282291951826050/?v=1282291951826050) দেখতাম। একজন অতি প্রিয় বন্ধু একটি ভিডিওর লিংক দিলো গতকাল।একটি মাছের সৃষ্টিকর্ম দেখে হতবাক হয়ে গিয়েছি। এই শিল্প কর্মটি একটি ছোট মাছের। মাছটি তার দুটো ছোট পাখা দিয়ে বালু সরিয়ে এটি করেছে। কেন মাছ এমন করে? মাছদের মধ্যেও তাহলে শিল্পী আছে? এই শিল্পকর্মের সমঝদার কি কেবল মাছেরা? কতটা চিন্তা শক্তি এবং ক্রিয়েটিভিটি থাকলে মাছটি এমন করে অদ্ভুত সুন্দর নিখুঁত একটি শিল্প তৈরী করতে পারে!

বন্ধুটি আজ আরো কয়েকটি ভিডিওর লিংক দিয়েছে। [**এই ভিডিওটি**](https://video.fdac24-1.fna.fbcdn.net/v/t42.1790-2/19629422_312251939233767_4151446067541442560_n.mp4?_nc_cat=1&efg=eyJ2ZW5jb2RlX3RhZyI6InN2ZV9zZCJ9&_nc_ht=video.fdac24-1.fna&oh=cf494c1c69da2f28d078924609915a5c&oe=5C76E709) দেখুন। একটি কুকুর তার অন্ধ মনিবকে সব কিছু হাতে এনে দিচ্ছে। তোয়ালে, সেন্ডেল, কাপড় শুকানোর হ্যাংগার ইত্যাদি। প্রয়োজনীয় সব কিছুই মুখে কামড়ে এনে মনিবের একদম হাতে এনে দেয়। মানব শিশু সন্তানকে খেলনা এনে দেয়। শেষ অংশে আছে, অন্ধ অসুস্থ একজন নারীকে বলতে গেলে ধরে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছে। কতটা মমত্ববোধ থাকলে এটি করা সম্ভব তা এই ভিডিওটি না দেখলে অনুধাবন করা সম্ভব নয়।

আর একটি [**ভিডিও**](https://www.youtube.com/watch?v=sMwQ4gSsqqk&t=22s) দেখুন। সিংগাপুরের এক অন্ধ নারীর পথ প্রদর্শক একটি কুকুর। কুকুরের গলায় একটি বেল্ট বাঁধা। রাজপথ ধরে হেঁটে যাচ্ছে কুকুরের পিছনে পিছনে সেই নারী। কুকুর তাঁকে শপিং মলে নিয়ে যায়, বাসায় ফিরিয়ে আনে। এই ভিডিও বর্ননায় জানলাম যে নিউ ইয়র্কের নাইন ইলেভেনের টুইন টাওয়ার হামলার সময় একটি কুকুর তার অন্ধ মনিবকে ১৭ তম তলা থেকে নিরাপদে নামিয়ে এনেছে।

আমরা শিখছি কার কাছ থেকে? অন্যান্য জীব কি আমাদের কাছ থেকে শিখছি? নাকি জীবদের কাছে আমরা শিখছি। মানুষ সৃষ্টির সেরা জীব ঠিক আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে অন্য প্রাণীরা মানুষের চেয়ে শ্রেষ্ঠ। ঝড় বাদল বন্যার আগাম খবরের জন্য কত যন্ত্রপাতি, সফটওয়্যারের উপর নির্ভর করি। অথচ সামান্য এক পিপড়া এই আবহাওয়ার খবর আগেই পেয়েই যায়, যেন মহাকাশে স্থাপিত কৃত্রিম উপগ্রহ, রাডার, কম্পিউটার সবকিছুই পিপড়ার মস্তিস্কে স্থাপিত হয়েছে একদম আপডেট ভার্সনের। মানুষের স্থাপিত যন্ত্রপাতি সমূহে মাঝে মাঝে ভুল বার্তা দিলেও, পিপড়ার বার্তা একশত ভাগ নির্ভুল।
