# মানব-দানব এবং ইট-পাটকেল থিউরি

- Author: [বৃষ্টিহত ফাহিম](https://sonelablog.com/author/fahim/)
- Published: 2015-01-22T14:52:40+00:00
- Updated: 2015-01-22T14:59:51+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- Tags: অনুগল্প
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a5%e0%a6%bf/

---

মানুষ কখনো দানব হয় না, বরং আমাদের ভয়গুলিই কিছু মানুষকে দানবে পরিণত করে।

যেমন আমার কথাই ধরেন, আমি বড় নিরীহ একজন মানুষ। কিন্তু সময়ে সময়ে আমিও দানব হইয়া যাই, যখন  অপারেশনে যাওয়া দরকার হয়। হ্যা, অপারেশন — মানে বাস পুরানো আর কি!

আজকেও আমার একটা অপারেশন আছে। সাকসেস হইলে ভালোই টাকা পয়সা পামু। তো নির্দিষ্ট জায়গায় আমরা ব্যাগ ভর্তি ককটেল আর পেট্রল বোমা নিয়া রেডি হইলাম। দুইজনকে দুই দিকে পাঠাইয়া দেয়া হইল পুলিশ আসে কি না পাহারা দেয়ার জন্য। শালারা বড় ঝামেলা করে।

ঐ দূরে একটা বাস আসে দেখা যায়, এখনই সুযোগ। আমরা ককটেল রেডি করলাম, পেট্রল বোমায় আগুন ধরাইলাম। বাস কাছে আসতেই দুইজন গিয়া হাতের ইশায়ায় বাস থামাইলো। আমরা হুমকি দিলাম, – “বাস থেইকা নাম, নাইলে বোমা মারমু কইলাম…” নামলে নামুক, নাইলে আগুনে পুইড়া মরুক, আমার কি? হাতে সময় নাই, এখনি বোম মারতে হবে।

কিন্তু হায়, ঘটনা দেখি উলটা হইয়া গেল!!

দেখি কেউ তো নামলই না, বরং বাস থেইকা ইট আর পাথর উইড়া আসতে শুরু করল। আমরা চাইয়া দেখি, খালি হ্যালপার আর কন্ডাক্টর না, যেই যাত্রীগুলারে এতক্ষণ নিরীহ গোবেচারা মনে হইছিল, তারা সব দানব হইয়া গেছে। দানব হইয়া আমাদের দিকে ইট-পাথর মারা শুরু করছে।

এই অবস্থায় এক মুহুর্ত টিকাও সম্ভব না। আমাদের হাত থেইকা ককটেল আর বোমা ছিটকাইয়া পইরা গেল। আমরা পিছাইয়া গেলাম। আর এই অবসরে বাসটা সাই কইরা চইলা গেল। আর আমরা তো আহাম্মক হইয়া রইলাম, আজকে টাকা পাই কি না কে জানে!!

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9f%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a5%e0%a6%bf/#comments
