# মাঝরাতের নক্ষত্র এবং সোনালী তরল

- Author: [নাজনীন খলিল](https://sonelablog.com/author/nazneen-khalil/)
- Published: 2013-10-26T14:12:55+00:00
- Updated: 2013-10-26T14:12:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: কবিতা
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8/

---

“সবাই চলে গেছে শুধু একটি মাধবী তুমি…………………………………”

ফুরিয়ে গেছে চরকার সুতো———  
বোনা হয়নি রুপকথার সেই নকশীচাঁদর।

মাঝরাতে আচমকা আকাশের জানালা খুলে গেলে  
একটি নক্ষত্র খসে সোজা আমার স্বপ্নের ভেতরে ঢুকে পড়ে  
‘খসে পড়া তারার কাছে কিছু চাইলে ইচ্ছা -পূরণ হয়’  
—————-তুই বলেছিলি।  
তারা খসা————-  
তুই।  
কিছুতেই মনে পড়েনা কিযে চাই।

গুলমোহরের লতানো ঝোপে চাঁদ নেমে এলে  
এক বুক চাঁদনীতে গলে গলে যায়  
সারাদিনের জমানো ক্রোধ এবং বিষন্নতা।  
কেমন অনায়াসে ভুলে যাই———  
মাত্র তিনটি কড়ির বিনিময়ে বিকিয়ে যাওয়া  
সবুজ-দ্বীপের অনুতাপ।

সময়-শেষের-সংকেত বেজে গেলে  
ড্যান্স-ফ্লোরের আলো-আঁধারিতে উদ্দাম-নৃত্যরতা  
সিন্ডারেলা সহসা উধাও।

দীর্ঘ যুগ——–

সোনালী তরলে কি খুঁজিস তুই  
ফেলে যাওয়া এক পাটি জুতো?

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8/#comments
