# মহৌষধ

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-07-11T05:05:20+00:00
- Updated: 2019-07-11T08:28:46+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%8c%e0%a6%b7%e0%a6%a7/

---

আমি হাড়ভাঙা চাষী।  
আজন্ম সংসারের গ্লানি টেনে  
ক্লান্ত, জরাজীর্ণ ব্যর্থতা ঢাকতে  
আমাকে পশলা সুখের সন্ধান দে- কবি

হে ক্লান্ত সংসারী  
উর্ধ্বগতি নিঃশ্বাসে নিম্নমুখী প্রচন্ড বেগে  
পৃথিবীর বিষাক্ত বাতাসে ছেড়ে দে- উফ্!

আমি ছয়’বছরের শিশু।  
নির্জন দুপুরে মেলা থেকে আলতা কিনে বাড়ি ফিরি  
হঠাৎ বুঝি বাঁশের ঝোপে শকুনের ঠোঁটে রক্তাক্ত আমি  
আমার অবুঝ অক্ষত শৈশব ফিরিয়ে দে- কবি

হে ধর্ষিতা দেবশিশু  
শত ক্ষোভ বুকে চেপে জ্বালাময়ী চিৎকারে  
বহুরূপী সদস্য বিশিষ্ট তদন্তমূলক ফাইলে  
নিষ্পাপ থুথু ছিটিয়ে বলে দে- উফ!

আমি বামপাঁজরের শেফালি।  
তিলে তিলে তোদের সংসারে সুখের নকশীকাঁথা বুঁনি  
মধ্যবর্তী এই যৌবনে এসে-  
জাহেলিয়াতের রঙ্গীন যুগে ভালবাসাহীন পড়ে আছি  
আমাকে এক শিশি বৈধ ঘুম ঘুমানোর পদ্ধতি দে- কবি

হে অসুখী রমণী  
সদ্য হামাগুড়ি দেওয়া কামুকের ফসলের ঘ্রাণ শুঁকে  
যৌবন সংসার কাটিয়ে দে জনপ্রিয় ঘুমের প্রতীক্ষায়  
কচি শিশুর মুখ বুকে চেপে পৃথিবীকে জানিয়ে দে-উফ!

আমি এক কবি।  
আমার কলম কখনো শিকলবন্দী,কখনো গৃহবন্দী  
কখনো বা আমি গুম-খুনের অপবাদে করি সন্ধি  
ওরা দিলো মুখরোচক উক্তি- ‘শালা চরম উগ্রপন্থী’  
দিনে রাতে গড়া আমার-  
মানবতার পাণ্ডুলিপি প্রসবের ছাড়পত্র দে- কবি

হে ফেরারী কবি  
জানিস- আমিও এখন যুগের নবাগত কবি  
ঝুলিতে রাখি শুধু একটি শব্দের মহৌষধ  
সমস্বরে কন্ঠে কন্ঠ মিলিয়ে বলে দে- উফ!

আমি এক রাষ্ট্র ।  
একটি তর্জনীর ইশারায় জনসমুদ্রে যার জন্ম  
স্বৈরাচারীর লাগাম টেনে বহুদলীয় যার নীতি  
আমাকে চিনো কবি ? চিনবে না ?  
আমার আঁচলে আজ সেই সুখ নাই  
বলিষ্ঠ কোনো জনতার ইতিহাস নাই

আঁচলের দুইপাশে আমার আছে শুধু আজ  
মুখোশপরা মুখোমুখি বাবুদের খামছাখামছি  
আমায় চিনো নাকি কবি ?  
চিনে থাকলে,রক্ত শুকাবার ঔষধ দে- কবি!

চিনেছি চিনেছি তোমায়  
৫৬ হাজার দেহাবিশিষ্ট হে আমার বঙ্গ প্রেয়সী  
কবিরা, দুই টুকরো শব্দ ছাড়া দিবে আর কী?  
যেমন দিয়েছিলো রবি ঠাকুর-  
‘আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি’

আমিও ভালোবেসেই তোমাকে  
ক্ষত চিহ্নে ক্ষত ভুলে থাকার মহৌষধ দিচ্ছি  
আঁচলে রক্ত চুষে চিৎকারে বলে দে  
বেঁচে আছি, বেঁচে থাকবো- উফ্…..!

নেত্রকোনা, ময়মনসিংহ

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%8c%e0%a6%b7%e0%a6%a7/#comments
