# মহামিলনের কাব্যকথা

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-01-17T17:36:53+00:00
- Updated: 2020-01-18T19:31:48+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/

---

তোমায় নিয়ে দেশান্তরী হবো,  
পালতোলা নৌকায় ভেসে যাবো ।  
যেথায় নদী সমুদ্র-স্নানে ডুবে,  
সেথায় মোরা সাঁতার কাটবো ।  
তোমায় নিয়ে তেপান্তরের মাঠ পেরোবো,  
দিগন্তের সীমান্তে পথ হারাবো ।  
জোনাকির আলোয় উদ্ভাসিত হবো,  
পূর্ণিমার জ্যোৎস্নায় সিক্ত হবো ।

নদী-সাগরের মোহনার জলতরঙ্গে বাসনা বিলাবো ।  
আষাঢ়-শ্রাবণ নয় সুখের প্লাবনে পূর্ণ হবো ।  
তোমার বুকে কামনার দ্বীপ-শিখা জ্বালবো,  
বেদনার নিকষিত আঁধার দূর করবো ।  
রংধনুর সাতটি রঙে মনের ক্যানভাস রাঙাবো ।  
আকাশের নীলিমায় মেঘের ভেলায় শ্বেত বাসর গড়বো ।  
বুনোফুলের শয্যায়, প্রকৃতির শামিয়ানায়  
তোমার আমার সঙ্গম রাঙ্গাবো ।

অধরে অধর ছুঁয়ে কামনার বাষ্পে শরীর ভিজাবো;  
কামাতুর দেহের ঘর্ষণে বাসনার তৃষ্ণা পোড়াবো-  
অস্থি-ভষ্ম সমুদ্রের লোনা জলে বিকাবো ।  
লজ্জা, ভয়, শঙ্কা, জীর্ণতা, কালিমা,  
মৌনতা-হিমালয়ের পাদদেশে বিলাবো ।  
বেহিসেবী জীবনখাতাকে হিসাবের খেরোখাতায় সাজাবো ।  
সবুজের আবরনে চিরনবীন;  
আকাশনীলে নীলাম্বরী হবো ।

গ্রীষ্মের খরতাপে দেহখানি পুড়ে,বর্ষণধারায় শীতল রবো ।  
শরতের পেঁজা তুলো মেঘে;  
স্বর্গের সিঁড়ি বেয়ে জ্যোতির্মন্ডলে হারাবো ।  
অমা-নিষীথের রাতের আঁধারে ভ্রান্ত পথিক হয়ে ;  
পূর্ণিমার আলোতে পথের দিশা কুড়াবো ।

বাস্তবের কষাঘাতকে বেত্রাঘাত করে-  
স্বপ্নের মোহনীয়তায় বাসর গড়িবো ।  
উত্তরীয় পবনে মনের দাবানলে উষ্ণতার ওম বুলাবো ।  
চোখের আকাশে নেশার মানচিত্র আঁকবো ।  
তোমার আমার মহামিলনের মহাকাব্য এভাবেই রচিবো ।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/#comments
