# মহাকালের সাক্ষ্য

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-08-31T18:00:03+00:00
- Updated: 2020-09-01T06:59:10+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af/

---

 

রাতের আঁধার ফুঁড়ে কৃষ্ণগহ্বরে দুটো শ্বেত-শুভ্র তারা  
আলোর ফোয়ারা ছড়িয়ে নিভে গেল দপ করে।  
বিষাদে ভরে গেল অমৃতরসের অগ্নুৎপাতধারা।  
বিবর্ণ-বিষণ্ণ কালজয়ী দুঃখ বোধগুলো ইট-সুড়কির দেয়ালে গেঁথে থাকে;  
রাতের শরীর বেয়ে আঁধার নামে মহাজাগতিক এই নগরে;  
দিবানিশি ভাসে ঐ নীল-বিশুদ্ধ সরোবরে পানকৌড়ির দল-  
মেঘের উড়ুপে হাওয়ার সাথে সাথে আকাশের বুকে জড়াতে চায় সঙ্গোপনে।  
শ্রাবণের সিক্ত-আলোকজলে জ্যোৎস্নাবিলাসে রাত্রিযাপন-  
ময়ূরপঙ্খী নায়ে বিষাদ-হর্ষের বেসাতি বিকিকিনি;  
জমাট বাঁধা আত্ন-অহমিকা গলছে কষ্টের তীব্র তাপদাহে।

সন্তরি ভাবনার সন্তরণে অবিরত ঘটছে হার্টের বায়োপসি-  
অন্ধকারের ক্রুসেডাররা মাতোয়ারা তপ্ত রক্তের নেশায়।  
আবাল বৃদ্ধ বনিতা সঙ সেজেছে কালো জাদুর নীহারিকা পুঞ্জে;  
মৃগয়ায় চিত্রল হরিণ বধের ধূম লেগেছে;  
অর্ণব সফেদ ফেনিলে গাংচিলের এলোমেলো ওড়াউড়ি।  
হাজার বছর ধরে চলছে শ্বাপদ-সমাকীর্ণ অসীম গন্তব্যে,  
কত শত চরণস্পর্শে পথের ধূলিতে অজস্র পায়ের ছাপ হারায় ধূলিতে।  
মেঘের খামে জললিপি যাচ্ছে হারিয়ে অজ্ঞাত গন্তব্যে;  
দিন-রাত্রি পাশাপাশি, মহাকালের সাক্ষ্য হয়ে গেঁথে আছে মহাজাগতিক ঝুলন্ত ত্রিদিবে।

ছবি-গুগল

---

Comments: 40 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af/#comments
