# মহাকালের রঙ্গমঞ্চ

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-11-14T18:00:05+00:00
- Updated: 2020-11-15T02:16:14+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ae%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a/

---

 

প্রাচীন শশাংক গগনে হেলান দিয়ে নামতা আওরাচ্ছে,  
খোলসবিহীন আত্নারা নীরদের চড়কায় ঘুরছে সময়ের পেন্ডুলামে।  
বৃন্দাবনে শ্যাম কীর্তনে মাতোয়ারা ললিতাগণে;  
তুমি-আমি ব্রত জীবনের হিসাব মেলাতে।  
নানান অলঙ্করণে সজ্জিত ঐতিহাসিক মানব-সভ্যতা;  
চরিত্র গুলো পোশাক বদলাচ্ছে গিরগিটির আদলে।  
দেয়াল ঘড়িতে মৃত্যু পরোয়ানা বহাল- তবুও রঙ্গমঞ্চে চলছে অভিনয়ের দুর্দান্ত প্রদর্শনী।  
অনুভূতিহীন সমাজ-ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন-  
হৃদয়ের বেলাভূমিতে স্মৃতিগুলোর অস্তিত্বের হুংকার;  
তথাপি বিস্মৃতির অতলে আশ্রয় খুঁজি চাতুরীয় ঢংয়ে।

 প্রবীণ-চোখে আগুনের উত্তাপ ছাইভস্ম উড়ায় অলক্ষ্যে,  
নেশার পানীয়তে দুঃখ বিলাসী সুখের পায়রা গুনে।  
সাগরের ফেনিল স্রোতে শবদেহের দ্রবীভূত লোনাজল-  
বালিতে সমাধিস্থ।  
পালকবিহীন ঘুড়ি এথা হোতা খাচ্ছে গোট্টা, তবুও উড়তে চায় নাটাই ছাড়া;  
সোমরসে বুঁদ হয়ে জীবনকে খুঁজি মর্ত্যের স্বর্গ-দ্বীপে।  
সহস্র আর্তনাদ, অপ্রকাশিত গল্প- নোনায় ধরা দেয়ালে বন্দী;  
নাগরিক সভ্যতা মাকড়সার জালে জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে।

ছবি-নেট

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%ae%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a/#comments
