# মরণোত্তর

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2020-06-15T06:03:59+00:00
- Updated: 2020-06-15T06:03:59+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0/

---

হঠাৎ যদি দৈত্য এসে বলে-

রাষ্ট্রের জমিনে এতো নারী সহিংসতার উপদ্রব

আপনার হাতের এই যে কলমটি দেখা যাচ্ছে

তাঁর কী অনুভূতি—আপনি বলুন!

.

ছিপি আটকে তড়িঘড়ি গোপনে লুকিয়ে নিবো

তাঁর হুটহাট আগমনী প্রশ্নে আমি খুব বিব্রত

আমি অভ্যস্ত নই–এড়িয়ে যাবো প্রশ্ন তাণ্ডব।

.

আবার যদি আমাকে প্রশ্ন করে-

গতকাল আপনার প্রেমিকা আগুনে পুড়ে গেছে

ঠোঁট থেকে বারুদের গন্ধ বের হচ্ছে অনবরত

যার কোমল হাত বারবার শব্দশিল্পে উচ্চারিত

তাঁর অকাল মৃত্যু ও চলমান নারী সহিংসতায়

হাতের কলমটির কী শোকবার্তা– আপনি বলুন!

.

আমি রাগান্বিত নিজেকে সংবরণ করে নিবো

তাঁর উদ্ভট প্রশ্নের বিবরণ আমি দিতে নারাজ

অনিরাপদ ভীতিগ্রস্ত— এসকল প্রশ্ন তাণ্ডবে।

.

তৃতীয়বার, চতুর্থবার কিংবা শেষবার

দৈত্যটি আমাকে আষ্টেপৃষ্ঠে জাপটে ধরবে

আমি শোকার্ত নিরাপদে

তাঁর সকল প্রশ্ন সারাংশে

একজন দুভাষী যেমন শ্রোতাকে শান্তি দেয়

তেমনিভাবে নিজেকে শান্তি দিবো, বলবো-

       :কান্নারত চোখের জল। চিৎকার করতে

পারিনি। শুকানো জল। মৌনতায় গিলে যাচ্ছি রাষ্ট্রের যাবতীয় দুঃখ।

 .

এ সকল প্রশ্নোত্তরে আমার বিশেষ ইচ্ছে

আমাকে বিশালাকার একটা থুথু উপহার দিন

আমি রাষ্ট্রীয় কান থুথুতে বধির করে দিতে চাই,

.

বাসযোগ্য পৃথিবী; আমি প্রিয়তমার শেষ ইচ্ছে

মরণোত্তর ভালোবাসি লিখতে চাই

মরণোত্তর ভালোবাসি বলতে চাই

**ছবিটি ব্লগ থেকে নেওয়া।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a3%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0/#comments
