# মন বলে তুমি রয়েছো যে কাছে

Author: হালিমা আক্তার
Published: 2021-09-19
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9b%e0%a7%8b-%e0%a6%af%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87/

আপা ৫টা কবিতা রেডি রাইখেন। নতুন কাজ শুরু করবো। বারবার মনে হচ্ছিল-আপা  মেসেঞ্জারে নক করে বলবে। আপা কবিতা রেডি তো। না আর বলবেনা। ১১ সেপ্টেম্বর দুনিয়ার সব মায়ার বাঁধন কেটে চলে গেছেন না ফেরার দেশে।

শব্দ কূহুক থেকে পরিচয়। বিভিন্ন পোস্টে মন্তব্য করা। বানান ভুল হলে সংশোধন করে নিতে বলতেন। প্রতিটি পোস্ট মনোযোগ সহকারে পড়তেন। কাছাকাছি আসা “নির্ঝর শব্দের ঢেউ” এর মাধ্যমে। নির্ঝর শব্দের ঢেউ আছে। শুধু নেই ঝিনুকের মধ্যে থাকা মুক্তো মালা। নির্ঝর শব্দের ঢেউ কাব্য গ্রন্থটি প্রকাশ করার আগে ও পরে। প্রতিদিন গ্রুপে আড্ডা হতো। আড্ডার মধ্যমণি ছিলেন আরজু মুক্তা আপা। তিনি উৎসাহ দিয়ে একেকজনের কাছ থেকে লেখা বের করে নিতেন। তেমন কিছু লিখতে পারি না। লেখার জগতে যতটুকু আসা হয়েছে। সেখানে আরজু মুক্তা  আপার অবদান অনস্বীকার্য। সব সময় উৎসাহ দিতেন। বলতেন-মনে যা আসে লিখে যান। কে কি বলে দেখার দরকার নাই।

ব্লগে লিখবো ভাবতেও পারিনি। আরজু আপার উৎসাহ ও অনুপ্রেরণায় ব্লগে আসা। এমনকি ব্লগের আই ডি ও উনি করে দিয়েছেন। সোনেলা ব্লগের সোনালী আকাশ ধুসর মেঘে ঢাকা। ব্লগের মন্তব্য ৫০ এর নীচে নেমে এসেছে। সবাই যেন নিথর নিস্তব্ধ। আরজু আপার হঠাৎ চলে যাওয়ায় সোনেলার সুর কেটে গেছে।

কখনো দেখা হয়নি। দুই একবার সরাসরি কথা হয়েছে। তবু হৃদয়ের গহীনে ব্যাথার বীণা বেজে ওঠে। তাঁর চলে যাওয়া বুঝিয়ে দিয়েছে তিনি কতটা আপন ছিলেন। ওপারে ভালো থাকুন আপনি। মন বলে তুমি রয়েছো যে কাছে, আঁখি বলে কত দুরে।।।
