# মন্তব্যের খরায় ঝরুক অক্ষরের বৃষ্টি

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2016-06-30T02:44:16+00:00
- Updated: 2016-06-30T02:44:16+00:00
- Category: [অন্যান্য](https://sonelablog.com/category/misc/others/), [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%95-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/

---

বেশ কিছুদিন থেকে এই বিষয় নিয়ে লেখার চিন্তা করে যাচ্ছি। কিন্তু সময় হচ্ছেনা, সাথে সঙ্গতিপূর্ণ ভাবনাগুলোকে একসাথে বাঁধতেও পারছিলাম না। আজ মনটা ঠিক নেই, বিক্ষিপ্ত কিছুটা। আগামীকাল ৩০ জুন আমার বড়ো দাদার জন্মদিন। স্বর্গে ওর জন্মদিন পালিত হচ্ছে কিনা, কে জানে! নাহ থাক প্রসঙ্গ। কথা হচ্ছিলো মন্তব্য নিয়ে। আজকাল আমাদের সোনেলার নীড়ে অনেক নতূন নতূন পাখীদের আগমন ঘটেছে। আবার পুরোনো যারা আছি তারাও প্রচুর ব্যস্ততার মধ্য দিয়ে আসা-যাওয়ায় আছেন। এই ব্লগটিকে আমি বলি পাখীর নীড়। আর আমাদের এ নীড়ের সকলেই বেশ আন্তরিক। তাই ভালো লাগে।

এতো নতূনদের ভীড়, কতো আনন্দ ছড়ানো চারদিকে। অথচ কেউ কারো সাথে কথা বলেনা। সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে মেলামেশার মাধ্যমে। কিন্তু দেখা যায় একেকজন এসে পোষ্ট দিয়ে চলে যাচ্ছেন। আর নিজের পোষ্টের প্রতি-মন্তব্য করেই ক্ষান্ত। অন্যদের পোষ্ট পড়া তো দূরের কথা, মন্তব্যও করেননা। কেন লিখি আমরা? পড়ার জন্য। জানার জন্য। এবং অবশ্যই নিজের ভুলকে সঠিক করার জন্যে। অনেকেই ভাবতে পারেন তাহলে কি মন্তব্য পাবার জন্যই লিখি? অবশ্যই! আমি হিপোক্রেটদের মতো বলতে পারবোনা, মন্তব্য পাবার জন্য লিখিনা। আমার কথা হলো ভালো না লাগলে অবশ্যই বলবেন ভালো লাগেনি। আমি সেসব মানুষকে পছন্দ করি যারা সত্য বলার সাহস রাখেন। তেল দিতে পারিনা, চাইওনা।

সবশেষে বলতে চাই আমার লেখায় যারা মন্তব্য করবেন, আমিও তাদের পোষ্ট পড়বো। দান-প্রতিদান ছাড়া জীবন চলেনা। বড়ো বড়ো কথা অনেকেই বলে, কিন্তু কিছু দেয়ার পর মনে মনে সকলেই আশায় থাকি। প্রচুর লিখুন। জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে পড়ুন। মানসম্পন্ন লেখার পাশাপাশি সাধারণ লেখনীকেও স্থান দিন। একদিন এই সাধারণই অনেক অসাধারণ হয়ে উঠতে পারে। আর অন্যের লেখায় মন্তব্য করুন। চলুন আমরা একে-অন্যের থেকে শিখি এবং লিখি। আমাদের সোনেলার পোষ্টগুলোতে মন্তব্যের খরা দূর হোক অক্ষরের বৃষ্টিতে। এই প্রত্যাশা নিয়েই ইতি টানছি এই পোষ্টের। সকলে ভালো থাকুন।

হ্যামিল্টন, কানাডা  
২৯ জুন, ২০১৬ ইং।

---

Comments: 80 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%9d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%95-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7/#comments
