# মনোভাব প্রকাশে ব্লগ ও এর ব্যবহার

Author: সাবিনা ইয়াসমিন
Published: 2019-02-12
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97-%e0%a6%93-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ac/

মনোভাব প্রকাশের বিভিন্ন মাধ্যমের একটি হলো লেখা। বর্তমান প্রেক্ষাপটে মনোভাব প্রকাশের উন্নত মাধ্যম হিসেবে সোস্যাল মিডিয়া অন্যতম। এখানে খুব সহজে ব্যক্তি তার মনোভাব লেখেন ও নিকট/দূরবর্তী মানুষের সাথে নিজের মনোভাব শেয়ার করেন। মিডিয়া হিসেবে ফেইসবুক, টুইটার বা অন্যান্য সোস্যাল প্লটের মধ্যে ব্লগ একটি। এ সমস্ত স্থানে লেখক ও পাঠক একই অবস্থানে থাকা হেতু খুব সহজেই একে অপরের মনোভাব, পাঠ প্রতিক্রিয়া মন্তব্য দিয়ে ব্যক্ত করেন।

অন্যান্য জায়গায় লেখালেখি করার চাইতে ব্লগে লেখার একটি ভিন্ন গুরুত্ব ও প্রভাব থাকে। ব্লগে নানারকম নানান রুচির মানুষ থাকেন। তাদের মন্তব্য বা পাঠ পরবর্তী প্রতিক্রিয়া অনেক সময়েই লেখকের লিখিত ভাবের সাথে মিলে না। ফেইসবুক বা অন্যান্য ব্যক্তিগত সাইটে লেখার ক্ষেত্রে লেখক যেমন ঠিক করে নিতে পারেন কে মন্তব্য দিতে পারবে আর কে পারবে না ব্লগে তেমনটি করা যায় না। কারন ব্লগ বেশিরভাগ সময়েই সকলের জন্যেই উন্মুক্ত থাকে। এখানে লেখক পাঠক উভয়েই স্বাধীনভাবে নিজেদের মতামত ব্যক্ত করেন।

গল্প/কবিতা ইত্যাদিতে ব্লগ পাঠকরা খুব বেশি সাড়া না দিলেও সামাজিক ও বিভিন্ন প্রতিকূলতা নিয়ে লিখলে পাঠক দ্রুততার সাথে সাড়া দেয়। বিশেষ করে কোনো ঘটিত অপরাধ, আইন ব্যবস্থা, ভাইরাল হওয়া প্রতিবেদন বা অমিমাংসিত ঘটনা যার সাথে ধর্ম, সমাজ, রাষ্ট্র, জন সাধারণ জড়িত থাকেন। ঐ বিষয়ের উপর লেখা-লেখি কিছুটা চ্যালেঞ্জিং। তার থেকেও বেশি চ্যালেঞ্জিং ব্যপার হলো এর পাঠপ্রতিক্রিয়াকে মোকাবেলা করা। মন্তব্যের উত্তর ও প্রতিউত্তরকে সঠিক ভাবে আয়ত্বে রাখা। এটা ঠিক মতো পরিচালনা করা খুবই জরুরী, নয়তো লেখকের লেখাটি বিফল হওয়ার সম্ভাবনা থাকে যা লেখকের অভিপ্রায় নয়। উন্মুক্ত প্লটে যারা লেখালেখি করেন তাদের মাথায় এটা রাখতে হবে। এখানে নানা ধরনের মন্তব্য আসে ,অনেক মন্তব্য রীতিমতো আক্রমনাত্মক রূপ নেয়। অনেকের জীবনও চলে যায়।

আমাদের সোনেলা একটি স্বনামধন্য ব্লগ। এখানে ব্লগাররা নিজেদের ব্লগার খেতাব না দিয়ে নিজেকে লেখক বা পাঠক উপাধি দিতে বেশি সাচ্ছন্দ্য বোধ করেন। কারন এটি ব্লগ হলেও এটি একটি পরিবারের মতো। এখানে একে অপরকে সম্মান, ভালোবাসায় সিক্ত রাখা হয়। উৎসাহিত করা হয় নিজের মনোভাব অকপটে নির্দিধায় লেখার জন্যে, বলার জন্যে। সোনেলা ব্লগকে একটি পরিচ্ছন্ন উঠোন বলা হয়।  
সোনেলা পরিবারের একজন হতে পেরে নিজেকে ধন্য মনে করি।
