# মনে পড়ে

- Author: [জসীম উদ্দীন মুহম্মদ](https://sonelablog.com/author/jasim-uddin-mohammad/)
- Published: 2014-08-16T16:41:16+00:00
- Updated: 2014-08-16T16:41:32+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%9c%e0%a7%87/

---

মনে পড়ে ভেন্না পাতার ছানি ? ইলশে গুঁড়ি দিন !  
কখনও ঝড়ো মাতাল হাওয়া বাড়িয়ে দিত সূর্য মনের খেয়াল  
কর্দমাক্ত পিচ্ছিল উঠোন বেলার একপাশে টুনটুনি ঘর  
সোনা ব্যাঙের ডাক, তার ছেড়া বাতাসে দলিত স্বপ্ন !  
ছিন্ন ভিন্ন তালপাতা, পুতুল রাণীর বিমর্ষ তুলতুলে মুখ !  
ডাকসই মাঠে হঠাত মাথায় মাথায় মিছে টক্কর  
শিং গজানোর অজানা আশংকায় দু মাথার চক্কর !  
অতঃপর আলতো ছোঁয়ার সবুজ শিহরণ । তোমার অধরের কোণে  
বিন্দু বিন্দু হাসি, ধুঁক ধুঁক বুক !  
আর আমার কম্পিত হাত, লাজ রাঙা গোলাপ মুখ, অন্তরের অন্তর  
স্বপ্ন মুখর, মুক্ত বিহঙ্গের মত রচনা করে কল্প বাসর !

মনে পড়ে পশ্চিম বিলে শালুকের হাট ? লাল,নীল,সাদা শাপলা !  
তপ্ত দুপর বেলা, ছাগল চরানোর ফাঁকে ফাঁকে পুতুল পুতুল খেলা !  
তোমার অকারণ হাসি, আমার কৃত্রিম শাসানি !  
ঘাসের মাথায় বিলি কাটা, দাদুর পান খাওয়ার আদলে তোমার জাবর কাটা !  
আরমানের বাঁশির সুর, সারারাত জাগা বউচি ভোর !

মনে পড়ে বারেক স্যারের কোল ? আবুল, লালু, মিলার টিপ্পনী !  
মাঠের এক ধারে শতবর্ষী বটের মাতৃছায়া, রাশিদ ভাইয়ের চানাচুর !  
দেবেশ স্যারের কানমলা, ধানের ক্ষেতের আল গড়িয়ে ঘোড়ার বেগে চলা ?  
আমার গণিত বইয়ের ভিতর তোমার কচি হাতের প্রথম পত্র লেখা  
দিন যায়, আমিও নাই, তুমিও নাই, আর কি কভু হবে দেখা ?

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%9c%e0%a7%87/#comments
