# মনের কথা

- Author: [নীরা সাদীয়া](https://sonelablog.com/author/neera-sadeea/)
- Published: 2020-04-15T13:46:57+00:00
- Updated: 2020-04-15T13:46:57+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-3/

---

#ভুল![](https://sonelablog.com/wp-content/uploads/2020/04/inbound1402349859154780868.jpg)

একটা মানুষ, একটা মগজ  
ভুল স্মৃতিতে ঠাসা,  
ভুলের ওপর মনের আবাস  
ভুল ভিটেতে বাসা।

ভুল চোখেতে দৃষ্টি ভ্রম  
ভুল কপালে টিপ  
ভুল হৃদয়ে যাওয়া আসা  
অন্তরে ঢিপঢিপ।

ভুল পথে এক পথিক করে  
নিত্য চলাচল  
ভুল সুরে নেচে গেয়ে  
পায় না খুঁজে তল।

ভুল সাজে, ভুল কাজে  
মুখের কথাও ভুল  
ভুলের সাথে নিত্য ফোঁটে  
মরীচিকা ফুল।

১০/০৪/২০

আমার পৃথিবী![](https://sonelablog.com/wp-content/uploads/2020/04/inbound8201153668646428605.jpg)

তোমাদের যখন রাতের আকাশে  
সবান্ধবে তারা দেখা,  
আমার তখন তারা ঝিকমিক  
আকাশ একলা একা।

তোমাদের যখন প্রেমিকার আঁচলে  
হালকা আকাশী নীল  
আমার তখন বিশাল আকাশ  
প্রশান্তি অনাবিল।

তোমাদের চোখে বিষাদের ছায়া  
প্রেমিকের বিচ্ছেদে  
আমার তখন হৃদয় পোড়ে  
পাখির আর্তনাদে।

তোমাদের বুকে মাথা গুঁজে  
প্রেমিকারা যখন কাঁদে,  
এদিকে আমার পোষা বিড়ালটা  
বায়নায়, আহ্লাদে।

তোমাদের কান্না ধুয়ে নিয়ে যায়  
কাজলের যত কালো  
আমার কান্নাতে ফুলদলেরা  
নীরবেই ঝড়ে গেল।

২৮/০৩/১৭

---

Comments: 29 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be-3/#comments
