# ভালোবাসা দিবি কিনা বল?

Author: তৌহিদুল ইসলাম
Published: 2019-05-12
Category: রম্য
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%b2/

ভালোবাসা দিবি কিনা বল?  
রেসকোর্স ময়দানের কোন সমাবেশে নয়  
লক্ষ জনতার মুখের তীব্র দাবি নয়  
এ স্লোগান আমাদের উঠোন থেকে –  
ভালোবাসা দিতেই হবে!

সবুজ ঘাসে বসা আড্ডার মধ্যমণি  
সুনীল আর সলীলকে সাথে নিয়ে,  
তর্জনী তুলে আকাশপানে;  
সব বিবাহিতরা আজ করছে চিৎকার।  
দাবি ঐ একটাই –  
ভালোবাসা দিবি কিনা বল?

বিবাহিত ব্যাচেলরের যাপিত জীবন,  
রসকষহীন! ভাল্লাগেনা।  
পরিত্রাণ চাই। মুক্তি দাও, দিতে হবে।  
ভালোবাসা কিন্তু দিতেই হবে-  
দিবি কিনা বল?

রেজিস্ট্রি বিয়ে! কাগজে কলমে সরকারি বইয়ে,  
নিজ হস্তাক্ষরে সাক্ষী তোমার ফটকা মামা –  
সে আজ কই?  
পিছন থেকে বাগড়া দিয়ে;  
লক্ষী গণেশ হাতিয়ে নিয়ে,  
তোমার বড় ভাই কেন লাপাত্তা আজ! কেন কেন?  
জবাব চাই দিতে হবে, আমাদের কথা মানতে হবে;  
দাবি উঠেছে একটাই –  
ভালোবাসা দিবি কিনা বল?

চায়ের কাপে ফুড়ুৎ ফুড়ুৎ, এসব কি?  
দাঁত ভাঙ্গা বাঁশের লাঠির মতন! তেতো বাসি টোস্ট।  
এমন অপমান!  
কতদিন পরে আড্ডা জমেছে, কি ভাববে তারা?  
সেখানেও হীনমন্যতা!  
ফন্দি কি তবে দাবিগুলি সব শিকেয়তোলার?  
লাভের পাল্লা যে সব তোমাদের দিকে,  
উঠেছে এক দফা দাবিতে-  
ভালবাসা দিবি কিনা বল?

ঠনঠনে উঠোনে বাজখাঁই ধ্বনিতে,  
মুখরিত হয়েছে আসমান জমিনে।  
সইবেনা ইশ্বর!  
প্রতিবাদী কন্ঠের প্রতিধ্বনিতে শব্দমুখর,  
শুনতে কি পাও দেয়ালে দেয়ালে?  
দাবী আজ একটাই-  
ভালোবাসা দিবি কিনা বল?

পার্লারে যাও, শপিং এ যাও কিংবা চাইনিজ;  
বলেছি কখনো আমাকেও সাথে নাও?  
মানিব্যাগ ফাঁকা করেছ অবলীলায়, সবসময়।  
তবুও এত অবহেলা?  
তর্জনী উঠিয়েছি, মানতে হবে মানতে হবে;  
ভালোবাসা দিতে হবে-  
দিবি কিনা বল?

সারাদিন অফিস করি, ক্লান্ত হয়ে বাজার করি;  
রান্নাটাতো কর সেই ই!  
ঝোলের মধ্যে বেগুন ভাসে, কড়াইয়ে জ্যান্ত পুঁটি হাসে।  
তেতো স্বাদে গলা ভেজাই তীব্র দাবদাহে।  
কই বলেছি কিছু?  
নীরবতাকে মৌনতা ভেবে এ অত্যাচার সইবোনা আর।  
দাবী কিন্তু একটাই-  
ভালোবাসা দিবি কিনা বল?

ডেইলি সোপের অত্যাচারে দেখি না খবর কতদিন!  
জলসা স্টার প্লাস আর সনির সাথে-  
হার মেনেছি টকশোতে।  
পত্রিকা নেই, তবে আছে কি?  
সানন্দা আর ফ্যাশন খবর।  
চলবেনা আর মানবো না আর।  
তুলেছি দাবী একটাই-  
ভালোবাসা দিবি কিনা বল?

বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, সলিলরা সব চলে গেলো।  
অপূর্ণতায় তালাবন্দি দাবিগুলো সব বল?  
পৌছুলোনা সে কর্ণ কুহরে, অন্ধকারে আচ্ছন্নে।  
কচ্ছপমুখো গুটি পায়ে;  
আমিও হাঁটি ঘরের কোণে,  
শুনেছো কি দাবী আমার-  
ভালোবাসা দিবি কিনা বল?
