# ভালোবাসার জন্য নৃত্য : প্রথম পর্ব(দুটো পর্বে সমাপ্ত হবে)

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2017-06-14T06:58:13+00:00
- Updated: 2017-06-14T06:58:13+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/

---

![](http://sonelablog.com/wp-content/uploads/2017/06/19190984_10212483563260496_2027319269_n-255x300.jpg)

****ছবিতে একেবারে সামনের মেয়েটির নাম এমিলি…****

আমার নার্সিং সুপারভাইজার লিয়া আমাকে খুবই ভালোবাসে। আর সে যে আমাকে কী পরিমাণ কেয়ার করে তা জেনেছি এক্সিডেন্টের পর। আমি যে ওয়াকার ব্যবহার করি সেটা ওরই দেয়া। আর লিয়ার মেয়ে এমিলি জানিনা আমাকে কেন এতোটা ভালোবাসে! আমার যেহেতু মেয়ে নেই, তাই এমিলিকে আমি খুব বেশি ভালোবাসি। এমিলি চমৎকার ব্যালে করে। ব্যালে নাচ সম্পর্কে সকলেই জানেন। তবে ব্যালে নিয়ে কথা হবে অন্য আরেকদিন। আসলে আজ এমিলির অনুষ্ঠানের কথা বলতে এসেছি। এই প্রথম সরাসরি ওয়েস্টার্ন ক্লাসিক ড্যান্স-এর অনুষ্ঠান দেখলাম। থিয়েটারে ঢোকার মুখেই লেখা কোনো ভিডিও কিংবা ছবি তোলা যাবেনা ভেতরে গিয়ে। মনটা আহত হলেও কিছুই করার ছিলোনা। গেটে টিকেট দিলাম। আর্থিক অবস্থা খুবই খারাপ ছিলো, আমার বন্ধু দুটো টিকেট **৬০$** দিয়ে কেটেছিলো। আমি আবারও কৃতজ্ঞতা জানালাম ওকে।

অনুষ্ঠানটি গত শনিবার ১০ জুন তারিখে স্যার জন.এ.ম্যাকডোনাল্ড সেকেন্ডারি স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। শুরু হয়েছিলো দুপুর সাড়ে বারোটায় আর শেষ হয় চারটের সময়। আমি সাড়ে তিনটা পর্যন্ত ছিলাম। মোটেও বিরক্তি আসেনি। যাক যা বলছিলাম অনুষ্ঠানটির নাম **For The Love of Dance** এবং এটি উপস্থাপন করে **Independent Dance Movement** নামের দলটি। আসলে এটি ছিলো এই দলের বাৎসরিক উপস্থাপনা। উপস্থাপিকা অনুষ্ঠানটি শুরু করার আগে বলে নেয় সেলফোন ব্যবহার না করে অংশগ্রহণকারীদেরকে উৎসাহ দিতে। এমিলি এই অনুষ্ঠানের একজন নৃত্যশিল্পী। মাত্র বারো বছরের একটি মেয়ে কী অসাধারণ ব্যালে, জ্যাজ, হিপহপ নাচে ভাবাই যায়না। এই ওন্টারিও প্রভিন্সে এমিলি ব্যালে নাচে বেষ্ট এওয়ার্ড পেয়েছে। এমনকি ট্যালেন্ট শোতে চ্যাম্পিয়নও হয়েছে। তবে এই অনুষ্ঠান একেকটি দলে ভাগ করা ছিলো। যেমন আফ্রিকান/ক্যারিবিয়ান ফিউশন গ্রুপ, ব্যালে গ্রুপ, হিপহপ গ্রুপ, জ্যাজ গ্রুপ, এক্রো গ্রুপ। এখানে তিনবছর বয়স থেকে আঠারো বছরের ছেলে-মেয়ে সকলেই অংশগ্রহণ করেছে। অনুষ্ঠান শুরু হলো আফ্রিকান/ক্যারিবিয়ান ফিউশন গ্রুপের নাচ দিয়ে। একেকটি নাচ বিভিন্ন কিছু তুলে ধরেছে। যেমন পৃথিবীতে গাছ না থাকলে কেমন হবে সবকিছু। তারপর এই যে আমরা প্লাস্টিকের সামগ্রী ব্যবহার করি তাতে কতো দূষণ ছড়াচ্ছে! এছাড়াও ছিলো শিশুদের সাথে কেমন ব্যবহার করা উচিৎ শিক্ষকদের? প্রতিটি গান বয়সের সাথে মিলিয়ে রাখা হয়েছিলো। যেমন ষোলো/সতেরো/আঠারো বছরের চিন্তা-ভাবনার সাথে মিলিয়ে গান, একইসাথে তিন থেকে পনেরো আলাদা ভাবনা। এ অনুষ্ঠান দেখতে দেখতে ভাবলাম বয়সকে কিভাবে সাজাতে হয়! আমি সেই ছোটবেলাতে নেচেছি “প্রজাপতি, প্রজাপতি,” কিংবা “ওরে গৃহবাসী” ইত্যাদি রবীন্দ্র-নজরুল গানের সাথে। আর গানের ক্ষেত্রেও ওই পঞ্চকবিরই গান। কিন্তু আমাদের দেশের শিশুদেরকে দেখি বিভিন্ন ট্যালেন্ট শোতে গান কিংবা নাচের ক্ষেত্রে বয়সটাকে ধরেই না। অবশ্য যে দেশে পনেরো বছর বয়স হলেই বিয়ে দিয়ে দেওয়া হয়, সেখানে শিশুকাল আর কি! নাহ ওসব কথা বলতে চাইনা।

এই যে শিশুরা নেচেছে, তাদেরকে শিখিয়েছে ড্যান্স স্কুলেরই শিক্ষার্থীরা। আমার এই আইডিয়াটা খুবই ভালো লেগেছে। এখানে ড্যান্স স্কুলে যেসব ছেলে-মেয়ে নাচ শিখতে আসে, তারা জুনিয়র অবস্থায় তাদের শিক্ষকের কাছ থেকে যে নাচটা শিখে, সেটাই আবার ওরা জুনিয়রদেরকে শেখায়। তাতে কী হয়! শিক্ষার্থীরা আরোও বেশি পারদর্শী হয়ে ওঠে। আর যারা শেখায় তাদের মধ্য থেকে সবচেয়ে যে ভালো শিখিয়েছে সেই শিক্ষার্থীকেই শ্রেষ্ঠ শিক্ষকের এওয়ার্ড দেয়া হয়। আবার জুনিয়রদের মধ্যে যে ভালো নেচেছে তাকে সনদপত্র দেয়া হয়। কেউ কেউ ৫০ ডলারের স্কলারশিপও পেয়েছে। ড্যান্স স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এসব এওয়ার্ড দিয়ে উৎসাহিত করেন ছেলে-মেয়েদের। বেষ্ট টিচার এওয়ার্ড পেলো এমিলি। অথচ ওর বয়স মাত্র বারো। ওইটুকু মেয়ে ৫/৬ বছরের শিশুদেরকে শিখিয়েছে, ভাবা যায়! ওহ মজা হলো এসব এওয়ার্ড, সনদপত্র অনুষ্ঠানের মধ্যে মধ্যে দেয়া হয়। যেমন তিনটি নাচের পরে এওয়ার্ড বিতরণ, এভাবেই চলতে থাকে। আমাদের দেশে অনুষ্ঠানের একেবারে শেষে গিয়ে এওয়ার্ড দেয়া হয়। তাতে কী হয়, দর্শক চলে যায়। নাহ এখানে দর্শকরা জ্বালায় না, আবার উঠে চলেও যায়না। বরং আমাদের বাঙ্গালীদের মতোই নেচেছে, চিৎকার করে উৎসাহ দিয়েছে।

আজ এটুকুই থাক! বাকীটুকু আগামীকাল, কেমন?

***পরের পর্বে সমাপ্ত***

 

হ্যামিল্টন, কানাডা  
১৪ জুন, ২০১৭ ইং।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/#comments
