# ভালবাসার রাজপথ

Author: ছাইরাছ হেলাল
Published: 2019-03-17
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a6%a5/

পাঁজরের/ব্যাকপেইনের চিনচিনে ব্যথায় কেউ বালিশ এগিয়ে দেবে  
উত্তুঙ্গ হয়ে আছড়ে পড়া হৃদয়ে, বিনা হোঁচটে হামাগুড়ি দেবে,  
বেঁচে থেকে বেঁচে যাওয়ার প্রশান্তি থেকে, নিরীহ কিন্তু নির্মম  
অপেক্ষার হাত বাড়িয়ে দেবে;

ধর্মঘটী পিকেটারের মত  
পুলিশের দৌঁড়ানিতে গলি পথ খুঁজতে হবে না;

অমঙ্গলের উত্থিত আস্ফালন ধুলোয় লুটাবে নতজানুর বেশে,  
দিনান্তের অচঞ্চল অ-বিষণ্নতা স্থাণু হবে,  
ফাগুন-দুপুরগুলো হয়ে উঠবে লাচ্চি পানের বিনম্রতা  
ফাঁকিগুলো নিঃশব্দে মিলিয়ে যাবে;  
ভালোবাসার বিস্ফোরণ জ্বলনে জ্বলেই পাখিরা হাসির ডানা মেলবে।

প্রীতি-পরবশ নিশুতি-কুটির অপেক্ষা-প্রহরে দাঁড়িয়ে আছে ঐ রাধিকাপুরে।
