# ভাবনায় মহাপ্রয়াণ

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2020-01-26T12:05:47+00:00
- Updated: 2020-01-26T13:02:57+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a3/

---

***সহস্র নয়নের ভীড়ে আমি খুঁজে ফিরি ঐ দুটি চোখ***

***যার দু’নয়ন জুড়ে আমাকে দেখার সাধ- ***

***চির কামনায় সদা জাগ্রত; সে যে চির অপলক ।***

*কবেকার কোন সে মহা-সময়ের প্রাচীর ঘেঁষে*

*মানব জন্ম হয়- জীর্ণতা ভরা এই পৃথিবীর আলো বাতাসে;*

*তারপর শুরু হয় একে একে বিদায়ের পালা*

*কখন যে কার ডাক আসে –*

*হিসেবের খাতা খুলে যায়না তা বলা।*

*কত স্বপ্ন দেখে লোক; লোকারণ্যে ভরা এই জনপদ জুড়ে*

*কত আশায় বাঁধে বুক, মানুষ- হাজারো ভুল –*

*ত্রুটির অনলে সে যে নিরবধি পোড়ে *

*তবুও মানুষ বাঁচে আগামীর সম্ভাবনা বুকে ।*

*মানুষ ভুলে যায় এ বিশাল ব্রহ্মাচার- সাঙ্গ হবে অনতিকাল পর,*

*তবুও জানিনে কেন অট্টালিকা গড়ে মানুষ-*

*নাতিদীর্ঘ মায়াবী এ চোরাবালির পর,*

*একদিন ছেড়ে চলে যায়; আপন ঘরের খোঁজে-*

*শতরঞ্জি ডানায় চড়ে ছেড়ে সে বাসর ।।*

***পিপীলিকা- প্রাণ তার তুচ্ছ অতি নগন্য সে জীব;***

***পদতলে পিষ্ট সে যে অগোচরে; অলক্ষ্যে তার নিভায় প্রদীপ***

***সে ও চলে যায়, চলে যায় সুবিশাল কায়ধারী হাতি ***

***লতা গুল্ম শষ্য শ্যামল বৃক্ষরাজি আর;***

***সকল প্রাণের ভার তুলে যে নিয়ে যায় –***

***তাহারি নিষ্ঠুর দুটি হাত পাতি, আমি তার করি যে সন্ধান।***

*হয়তো সে আছে বসে যখনি হুকুম তার হয়ে যাবে জারি*

*উড়ে এসে হাঁক ছেড়ে কেড়ে নিয়ে যাবে এই প্রাণটা আমারি*

*আমিও পৌঁছে যাবো অসীমের দরবারে –*

*শুভ্রতায় ঘেরা কোন শুক্রবার ভোরে *

*বহু প্রতীক্ষিত সেই মৃত্যু আসিয়া যবে দাঁড়াইবে দোরে –*

*আমি তার করি ইন্তিজার ।*

*পরম প্রভুর দ্বারে ভিখিরির বেশে আমি এক- মুসাফির;*

*তাঁরই করুণা মাগি**; অনন্ত নাজাত লাগি-*

*তাঁরই নূরের**আলোয় ভরে যায় –*

*যেন মোর অন্ধকার কবর,*

*বিজলীর বেগে যেন পুলসিরাতে সে আমায় করে নেয় পার,*

*তাঁরি দয়া ব্যতীত সে কঠিন রোজ হাসরে- নাই কেউ আর।*

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a3/#comments
