# *** ভাই, জিতছেন… বউ…!!! ***

- Author: [তির্থক আহসান রুবেল](https://sonelablog.com/author/tirthok-ahsan-rubel/)
- Published: 2021-09-09T06:00:09+00:00
- Updated: 2021-09-09T06:00:09+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%89/

---

বিয়ের অনুষ্ঠানে অনেকে বউ দেখে এসে জামাই বা তার আত্মীদের বলে, ‘জিতছেন। বউ তো মাশাল্লাহ’। কথাগুলো আমার কাছে খুব অসভ্য লাগে। প্রথমত মনে হয় কোরবানীর গরু। কম দামে এত ভাল গরু! জিতছেন ভাই। দ্বিতীয়ত সবাই নতুন বৌয়ের মেকআপ মাখা মুখ আর শরীরের মাপ দেখে। তারপর বলে, ‘ভাই, বৌ/ভাবী তো জোস। সেখানে বৌয়ের যোগ্যতা মাপা হয় শরীর-রূপ-লাবণ্য দেখে। সর্বশেষ: বৌয়ের বাপের বিশাল টাকা-পয়সা-সম্পত্তি-ক্ষমতার তথ্য জানতে পেরে বলে, ভাই জিতছেন।

 

আমি খুঁজতে থাকি এখানে সেই নারীটা কোথায়! সেই নারীর মধ্যে যে মানুষটা সেটা কোথায়? সেটাকে কিভাবে বিচার করছে!

 

শুরুতেই সবাই ছেলেটাকে জিতিয়ে দিচ্ছে। মেয়েটাকে কি দিচ্ছে! কিছুই না। সবকিছু ভালভাবে চলার একটা লম্বা সময় পেরোনোর পর, মেয়েটা শুধু একটা কমপ্লিমেন্ট পায়। তবে সেটাও ছেলেকে জিতিয়ে দিতে। আর তা হচ্ছে: ভাই খুব ভাল একটা বৌ পেয়েছেন। সবকিছু কি সুন্দর আগলে রেখেছে। কিংবা আরেকজনকে বলছে: আরে এই বৌটা ছিল বলে রক্ষা। তার যত পাগলামী সব সহ্য করে সংসার টিকিয়ে রেখেছে অথবা তার বৌ শক্ত ছিল বলে বিপদগুলোকে অতিক্রম করতে পেরেছে। অর্থাৎ এখানেও ছেলেটা জিতে গেছে।

 

কিন্তু সেই মেয়েটা কি জিতেছে কোথাও? বাচ্চাদের বড় করা, তারপর একদিন বাচ্চারা বাড়ির বাইরে চলে যাওয়া পড়ালেখা বা চাকরীর জন্য। চোখের পানি জমা করা। সন্তান একদিন সফল হবে। সেই সফলতায় আবার চোখে পানি আনা। তখন যদি কেউ বলে, এমন বাবা-মা পাওয়া ভাগ্যের ব্যাপার। তখন হয়ত সেই নারী জিতে। কিন্তু তাও যৌথভাবে। এককভাবে কি জিততে পারে কখনো!

 

অনেকে হয়ত পারে। বড় বড় হোল্ডিং বোর্ড, পত্রিকায় ছবি, বিলবোর্ড। সেখানে কি আসলেই জয় থাকে! নাকি ভেতরে বলতে না পারা কান্না। আপোষের কান্না, বিলিয়ে দেয়ার কান্না, হারিয়ে যাওয়ার কান্না।

 

অন্যদিকে নানা কারণে একলা চলা নারীর ছুটে চলা কিংবা সন্তানের দায়িত্ব পালনে সিঙ্গেল মাদারের কথা তো আছেই। একলা নারী মানে সবার হক। সে গল্প আরেকদিন।

 

নারী তোমাকে ভালবাসি। দমনে, অবদমনে, স্নেহে, ভালবাসায়, প্রেমে, কামে, আবেদনে, চিৎকারে, কান্নায়, হাসিতে, ঠাট্টায়, লিপস্টিকে, কাজলে, ভাবনায়, বুদ্ধিতে, মেনে নেয়ায়, মানিয়ে নেয়ায়, হাত বাড়িয়ে, হাত ছেড়ে, গভীরে, গোপনে, প্রকাশ্যে, বৃষ্টিতে, রোদে, মেঘলা কিংবা নীল আকাশে সবভাবেই ভালবাসি।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%89/#comments
