# ব্লগার হবো (সোনেলার জন্মমাস)

Author: নাসির সারওয়ার
Published: 2020-09-14
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%8b-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%ae/

কবি হবার স্বপ্ন ছিলো ([কবি হবো](/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%8b/)), কিন্তু স্কুলের ইংরেজি স্যার হতে দিলেন না। ইচ্ছে ছিলো পুলিশ হবো ([পুলিশ হবো](/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%8b/)), কিন্তু মানুষ পেটানোর জন্য আধুনিক প্রযুক্তির কথা শুনে বাদ সাধলেন কর্মকর্তারা। আরে, কিছুতো একটা হতে হবে! নেমে পড়লাম ব্লগার হতে। শুনেছি ব্লগার হবার জন্য কোন ধরাবাঁধা নিয়ম নাই। যাহা ইচ্ছে তাহাই লেখা যায়। এ সুযোগ আমি এবার ব্যবহার করবোই করবো। অন্য কিছু যেহেতু হতে পারছিনা, ব্লগার আমাকে হতেই হবে।

ব্লগার হতে হলে কী কী করতে হবে, জানতে হবে। সন্ধানে নামলাম এবং নেমেই হোঁচট। আমি কিছু মানুষের সাথে যোগাযোগ রাখি নেটের মাধ্যমে। সেখানে শুধু কাজের কথা হয়। নতুন প্রযুক্তির আলোচনা। কেউ কোন প্রযুক্তি নিয়ে আটকে গেলে অন্যরা সাহায্য করে। আমি ইচ্ছে করলেই যা খুশী তা লিখতে পারিনা সেখানে। সেই মাধ্যম গুলোকেও নাকি ব্লগ বলে। তাহলে আমিতো ব্লগার হয়েই আছি! আমার আবার ব্লগার হতে হবে কেন! কারণ, আমি যাহা ইচ্ছে তাহা লিখিতে চাই। শুরু হলো খোঁজ দ্যা সার্চ।

নেটে বাংলায় “ব্লগ” লিখে খোঁজা শুরু এবং আবার অবাক। এত ব্লগ আছে আমার দেশে! তাহলেতো অনেক ব্লগার থাকার কথা। আর আমি কিনা তার একজন নই! বেশ কিছু ব্লগ খুঁজে তাদের আইনকানুন পড়া শুরু। প্রত্যেকটি ব্লগেরই নিজস্ব কিছু নিয়মের বর্ণনা আছে। দুএকটা আবার বেশ কড়া। একসময় সোনেলা নামের একটা ব্লগ পেলাম। নামটাতো বেশ পছন্দের। তাদের আইনকানুন গুলোও বেশ সহনশীল মনে হলো। ব্যস, পড়া চলছে সোনেলার লেখা আরও চলছে ব্লগের তথ্য যোগাড়। অনেক ভালো ভালো লিখিয়েরা আছেন এখানে। লেখার চাইতে আরো উন্নত তাদের মন্তব্যগুলো। মনে হচ্ছে মন্তব্যও একটা বড় ভুমিকা রাখে ব্লগে। একজনের লেখা আরও উন্নত করা যায় কি করে। একজন একজনকে সাহায্য করছেন। মুশকিল হলো, কেউ এই আলোচনা ভালো ভাবে নিচ্ছেন, কেউ নিতে পারছেন না। এই নিতে না পারা লেখকদের লেখা কেমন যেন একজায়গায় আটকে থাকছে। একদিন অনেক সাহস নিয়ে সোনেলাতে আবেদন করে বসলাম।কর্তৃপক্ষ বেশ আন্তরিক ভাবে আমাকে সদস্য বানিয়ে নিলেন। তারপর একদিন আরো একটু বেশী সাহস নিয়ে লিখেই ফেললাম কিছু একটা ([অবশেষে আমি যখন সোনেলায়](/%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%af%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a7%9f/))। যাক বাবা, ব্লগারতো হয়ে গেলাম। যা চেয়েছি, পেয়েতো গেলাম। এখন আমি যাহা খুশী তাহা লিখিতে পারিব। কিন্তু না, আমি তৃপ্ত নই। কারণ ব্লগের অনেক অলিখিত আইনকানুন আছে যা আমি জানিনা। একজন ভালো ব্লগার হতে হবেতো! শুরু হলো খোঁজ দ্যা সার্চ আরো একবার।

একটা সাক্ষাৎকার উদাহরন হিসাবে দেয়া যেতে পারে। লেখক আনিসুল হক তার প্রথম উপন্যাস নিয়ে হুমায়ুন আহমেদের দ্বারস্থ হলেন। হুমায়ুন সাহেব এই গুণী লেখকের হয়তো ভবিষ্যৎ দেখেছিলেন। বই ছাপাতে সাহায্য করলেন এবং প্রথম পাঠক হিসাবে প্রথম বইটিও কিনলেন। এরপর আনিসুল হক হুমায়ুন সাহেবের সাথে লেগে থাকলেন অনেক দিন। একসময় হুমায়ুন সাহেব আনিসুল হককে বললেন, “আমি অনেক আগে মনের খুদা মিটাতে লিখতাম। কিন্তু এখন টাকার জন্য লিখি। তুমি এখন থেকেই টাকার জন্যই লিখো”। তাহলে আমার মত ব্লগার কিসের জন্য লিখবে! এখানেতো কোন টাকা পাবার ব্যবস্থা নাই। শুধু কি লেখক, যারা এই ব্লগগুলো পরিচালনা করেন, তারা কজনই বা তা দিয়ে আয় করেন। অন্তত সোনেলার যে কোন আয় নেই তা আমরা ইতিমধ্যেই যেনে গেছি। তাহলে তারা কেনো ব্লগ চালাচ্ছেন! তারাও কি তাদের মনের খুদা মিটাতে চাচ্ছেন এদিয়ে! তাদের কি চেষ্টা কিছু ভালো লেখক তৈরি হোক যারা শূন্য থেকে একদিন ভালো লেখক হিসাবে প্রতিষ্ঠিত হবেন আর সোনেলা তৃপ্ত হবে! কী জানি!

**অলিখিত আইন বা আদর্শ যে কয়েকটা খুঁজে পেলাম –**  
১) সামাজিক যোগাযোগ আর ব্লগকে কখনো এক মাপে দেখা ঠিক না। প্রতিটি ব্লগ একটা উদ্দেশ্য নিয়ে চালানো হয়। সোনেলার প্রধান উদ্দেশ্য সুস্থ সাহিত্য চর্চা। এখানে শুধু সাহিত্যই থাকুক। আড্ডাবাজি করারতো অনেক মাধ্যম আছে।

২) লেখক লিখবেন তার মনের খাদ্যের জন্য। সেখানে কপি পেস্ট খাবার কি করে খাবেন!

৩) যেহেতু বাংলা সাহিত্য চর্চা, ইংরেজি অক্ষর ব্যাবহার না করাই উত্তম। যেখানে কারো উক্তি ইংরেজি না দিলেই নয়, সেখানে তো আর কিছু করার নাই।

৪) লেখায় যদি কোন সুত্র থাকে, তা উল্লেখ করে আইনগত দিক থেকে নিজেকে মুক্ত রাখি। সেটা কোন ওয়েবসাইট বা ছবি হোক না কেন।

৫) পাঠকের মন্তব্য ভালো ভাবে নেয়ার মানসিকতা থাকা উচিত। কারন তাতে আপনার লেখার আরো উন্নতিই হবার কথা।

৬) ব্লগ পরিচালকেরা মাঝে মাঝে কিছু লেখাকে স্টিকি করে রাখেন। কারণ সবাই যেন সেটা পড়েন। একজন আদর্শ ব্লগারকে অবশ্যই প্রতিটা স্টিকি পোস্টে যাওয়া উচিৎ এবং তার উপস্থিত জানানো উচিৎ।

৭) মন্তব্য যা আপনি প্রকাশ করেন নিজ জ্ঞানে, যেখানে থাকে লেখাটির বিশ্লেষণ ও আপনার মতামত।  কিছু কথ্য কথা দিয়ে দায় সেরে দিলাম, এটা কখনোই আপনার বা অন্যের মেধা বিকাশ করতে সাহায্য করবে না। বরং লেখকের বিতৃষ্ণা উৎপন্ন করে। লেখাটার ভালো-মন্দ নিয়ে আপনার মতামত দিয়ে আপনি যেমন লেখককে উৎসাহ দিচ্ছেন, তেমনি আপনার মেধা বিকাশের পথটাও আরো মসৃণ করছেন।

৮) জবাব, কেউ আপনার লেখাটি পড়ে তার মতামত, ভালো লাগা মন্দ লাগা প্রকাশ করেছেন। আপনার সেই মন্তব্যের ব্যাপারে উদার হওয়া প্রয়োজন। শুধুমাত্র ধন্যবাদ/সাধুবাদ না জানিয়ে তার মন্তব্যে আলোচনা রাখুন। মন্তব্যকারীকে যথার্থ ধন্যবাদ জানানোর জন্যে শুধুমাত্র ধন্যবাদ শব্দটি যথেষ্ঠ নয়। জবাব এমনভাবে দিন, যেনো মন্তব্যকারী আপনার পোস্টে আসতে কখনো আগ্রহ না হারায়।

এই যদি হয় লিখিত এবং অলিখিত আইন, আমার ব্লগার হবার স্বপ্ন এখানেই শেষ।

***ছবি সুত্রঃ নেট থেকে নেয়া***
