# ব্যঞ্জনবর্ণের কথপোকথন

- Author: [নিতাই বাবু](https://sonelablog.com/author/nitaibabu/)
- Published: 2020-01-24T21:11:24+00:00
- Updated: 2020-01-26T07:40:54+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8/

---

ক: বলে কী যে করি, সহ্য হয়না স্বরবর্ণের বাড়াবাড়ি,  
আমি থাকি শ্রীকৃষ্ণের বাড়ি, মা কালীরও সাধন করি।  
খ: বলে খ্যান্ত কর তোর জারিজুরি, প্রশংসার ফুলঝুরি,

আমি থাকি খোদার বাড়ি, আমার সাথে এতো বাহাদুরি?

গ: বলে শোন-রে গাধা, গাড়ি ছাড়া তোদের গন্তব্যে বাধা,  
আমি থাকি গাড়িতে সদা, সেই গাড়িতে চড়ে কৃষ্ণের রাধা।  
ঘ: বলে গ তুই বড় গাধা, গাড়িতে দেখিস না ঘোড়া বাঁধা,  
আমার ঘোড়ার রং সাদা, সেই গাড়িতেই রাধা চলে সদা।

ঙ: বলে কই যাই আমি, বলে দাও আমার অন্তরজামি,  
কৃষকের লাঙলে আমি, সেই লাঙল টেনে মরিও আমি।  
চ: বলে চেয়ে চেয়ে দেখি আমি, সবুজের এই লীলাভূমি,  
ফসল ভরা যতো জমি, চাষাবাদে হয় জানি আমি তুমি।

ছ: বলে আর রক্ষা নাই, দেশ ছেড়ে কোন দেশে যাই,  
ঘরবাড়ি পুড়েও হয় ছাঁই, এই কথা কি কারো মনে নাই?  
জ: –এর আর কথা নাই, জীবনটা যেন হলো ছাঁই,  
জান ছাড়া যে কারোর রক্ষা নাই, সেই কথা স্মরণ নাই!

ঝা: বলে আমি হলাম ঝড়তুফান, প্রলয় করি এই জাহান,  
ঝাড়ুর বাড়ি দিব রে শয়তান, আমার ভয়ে কাঁপে দালান।  
ঞ: বলে শুনেছ ঝ’র বয়ান! ঝ নাকি বড় ক্ষমতাবান?  
মিঞা ভুইঞা যতো পালোয়ান, সবার উপরে স্রষ্টা মহান!

ট: বলে শুনছো টেংরা, ওঁরা ঝ ঞ কেমন করছে জেরা,  
আমি ট কি বাস্তহারা, এই বটবৃক্ষ নামটি দিয়েছে কারা?  
ঠ: বলে পরলে ঠেলা বাড়ি ছাড়া, হবি তোরা দিশেহারা,  
আমাকে ঠকায় যাঁরা, ঠকতে ঠকতেই হবে জীবন সারা!

ড: বলে ডাকপিয়ন দিয়েছে ডাক, দিওনা আর হাঁকডাক,  
তোরাও পারলে ডাকতে থাক, অহংকার নিপাত যাক!  
ণ: বলে গণতন্ত্রের হাঁকডাক, যখন নেতারা দেয় রে ডাক,  
ঠাণ্ডা কাশি গোল্লায় যাক, সবাই বলে গনতন্ত্র মুক্তি পাক।

ত: বলে দেখা যাবে সবশেষে, তালগাছে উঠবে শেষে,  
যতই তালিবালি করুক না সে, ততই ফাঁসবে অবশেষে।  
থ: বলে নেতারা থাকে আশেপাশে, যখন নির্বাচন আসে,  
থেকে থেকে মুচকি হাসে, নির্বাচন শেষে থাকেনা পাশে।

দ: বলে দাঁতের বিষে যাচ্ছি মারা, কী করি বল তোরা,  
দাঁতের মর্ম বুঝে কারা? দাঁত নাই যাঁদের বুঝে তাঁরা!  
ধ: বলে চলে না ধন ছাড়া, পেটের ক্ষুধায় দিশেহারা,  
ধন দৌলত চায় না কারা? এর শোকেই কেউ যায় মারা!

ন: বলে বর্ষাকালে নাইওর আসে, নতুন জামাই শুধু হাসে,  
শালা শালিরা পাশে বসে, সময় কাটায় তাঁরা রঙরসে।  
প: বলে পাখিরা সব উড়ে এসে, গান গায় ডালে বসে,  
বাবুই পাখি দেখে হাসে, ভিজে কাতর হয় আষাঢ় মাসে।

ফ: বলে ফালাফালি যতই করিস, স্রষ্টাকে স্মরণে রাখিস,  
ফান্দে পড়ে কেন কাঁদিস, সময় থাকতে একবার ভাবিস।  
ব: বলে ভাই বন্ধু ভেবে দেখিস, বন্ধুর কথা মনে রাখিস,  
বন্ধুর রীতি ঠিক রাখিস, বন্ধুর দিকে সজাগ দৃষ্টি থাকিস।

ভ: বলে বন্ধুরা কোথায় গেলি, সবাই মিলে হাসি খেলি,  
ভালোবাসার কথা বলি, বুক মিলিয়ে করি কোলাকুলি।  
ম: বলে খুলে বল খোলাখুলি, মনের কথা খুলে বলি,  
মায়ের মুখে শুনেছি বুলি, অসৎ পথে যেন না চলি।

য: বলে আমার জীবন যায়, আমাকে দিয়ে ফলা বানায়,  
ফলার খোঁচা কে না খায়, আমার কেন বদনাম গায়?  
র: বলে বাঁচাও আমায়, আমাকে যে রাক্ষসে দৌড়ায়,  
আমি আছি রাক্ষসের জ্বালায়, কে করবে রক্ষা আমায়?

ল: বলে নে বাবা ঠেলা সামলা, এ দেখি বড় ঝামেলা,  
লাঠিসোঁটা নিয়ে করো হামলা, নাহয় করো মামলা।  
শ: বলে শালা শালি দৌড়ে পালা, এখানে বড় ঝামেলা,  
পুলিশ আসলে বাড়বে জ্বালা, শুরু করবে ছলাকলা।

ষ: বলে তেল আছে কাছে, সরিষার তেলে ঝাঁঝ আছে,  
প্রিয় তেল রাধুনির কাছে, সর্ষে ইলিশও মজা আছে।  
স: বলে যা আছে আমার আছে, আর নাই কারো কাছে,  
সাজ আছে সাজাও আছে, তোদের কাছে কী আছে?

হ: হেসে বলে বড় মজা, আমি হলাম হাসির রাজা,  
হা হা হা কি মজা কি মজা, তোরা সবাই পাবি সাজা।  
ক্ষ: বলে বিচার করে মহারাজা, সাক্ষী ছাড়া হয়না সাজা,  
সৎপথে থাকে সবাই তাজা, সৎ উপার্জনে খুবই মজা।

ড়: বলে লড়াই লড়াই লড়াই চাই, এভাবেই বাঁচতে চাই,  
লড়াই ছাড়া উপায় নাই, লড়াই করেই জিততে চাই।  
ঢ়: বলে যেই আষাঢ়ে বৃষ্টি নাই, সেই বছরে শান্তি নাই,  
কৃষকের জমিতে ফসল নাই, গরিবের ঘরে ভাত নাই।

য়: বলে কই গেলি রে ৎ ভাই, এই আলামত দেখি নাই,  
আয় নাই তো ব্যয় নাই, শান্তি অশান্তি তো বুঝি নাই।  
ৎ: বলে খণ্ড খণ্ড আমি ভাই, হঠাৎ দুশ্চিন্তায় পড়ে যাই,  
আবার যদি খণ্ড হয়ে যাই, সেই চিন্তায় আমার ঘুম নাই।

ং: বলে আমি রংয়ের রাজা, কে দিবে আমায় সাজা,  
রঙ্গরসে জীবন তাজা, ঢং কুয়ারায় পায় যে সাজা।  
ঃ: বলে দুঃখের মাঝেও সাজা, সুখের মাঝেও সাজা,  
কে দিচ্ছে যে এই সাজা, কোন দেশের কোন রাজা।

ঁ: বলে পড়েছি ফাঁদে, এবার আমি চলে যাবো চাঁদে,  
তোরাও পড়বি ফাঁদে, চন্দ্রবিন্দুর কথায় সকলে কাঁদে।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%95%e0%a6%a5%e0%a6%a8/#comments
