# বোঝে না ,সে বোঝে না

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2019-02-27T09:04:06+00:00
- Updated: 2019-10-20T05:13:33+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9d%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9d%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be/

---

বোঝেনা সে বোঝে না, একটি ভারতীয় বাংলা ছবির গান। ছবিটি আমি দেখেছিলাম খন্ড খন্ড করে কিছু মানুষের গল্প নিয়ে ছবিটি দেখে যেমন ভালো লেগেছিলো তেমনি ছবিটির শেষটুকু আমায় কাঁদিয়েছিলো।

যাইহোক ছবি নিয়ে এই লেখা নয়। কেন লিখছি তাই বলবো। প্রায় প্রতিদিন আমার ঘুম ভাংতো এই গানটি শুনে। ঢাকায় যারা থাকেন তারা এটা ভালো করেই জানেন, বাড়িগুলো এতো ঠাসা-ঠাসি করে বানানো হয় যে, এক বাড়িতে কেউ জোরে হাঁচি দিলে অন্য বাড়ির মানুষ চমকে উঠে। গানতো আরো বিশাল বিকট ব্যাপার। তো, প্রতিদিন এই গানে ঘুম ভাঙার পর আমার মেজাজ খারাপ হয়ে যেতো। প্রথমে মনে মনে বকতাম পাশের বাসার লোকটিকে, যে এই গান এতো জোর ভলিউমে বাজাতো। পরে জানালা খুলে বকতাম এবং আরো পরে ঐ লোকের সাথে রাস্তায় দেখা হলেই বকা দিতাম। সে একটুও মাইন্ড না করে তার প্রিয় গান বাজাতেই থাকতো। এক সময় আমি নিজের উপর কন্ট্রোল আনতে সক্ষম হলাম। তার গান আমার কানে ঢুকলেও মেজাজে প্রভাব ফেলা বন্ধ হলো।

একদিন খেয়াল করলাম গান আর বাজছে না। পরপর কয়েকদিনও গান বন্ধ। তারও কিছুদিন পর লোকটার সাথে দেখা হলো, আমায় দেখেই বললো ” আপু আমরা ঐ বাড়ি ছেড়ে অন্য এলাকায় বাসা ভাড়া নিয়েছি। এখন থেকে আর আপনার বকা শুনবো না। আপনার বকা অনেক মিস করবো “। আমি আর কি বলবো , বলেছিলাম ভালো থাকবেন। আমাদের বাসায় আসবেন। সেই থেকে শুরু, আমাদের পারিবারিক অনুষ্ঠান সহ সামাজিক উৎসবে আমরা একে অপরকে নিমন্ত্রণ করি। কখন থেকে যেনো প্রতিবেশী থেকে আত্মীয় হয়ে গেছি সময়ের সাথে সাথে।

কিছু সম্পর্ক তৈরি হয় জন্মলগ্ন থেকেই। কিছু সম্পর্ক তৈরি হয়/ হতে থাকে জীবন চলার পথে। সম্পর্ক গুলো কখনো সম্পর্কের পরিধি ছাড়িয়ে যায়, মিশে যায় রক্তে / আত্মায়। বাবা-মা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, শশুর-শাশুড়ি, চাচা-মামা, ফুফু- খালা, বন্ধু-বান্ধব, শিক্ষক-গুরু, শত্রু- মিত্র – কত কত নাম হয় সম্পর্ক গুলোর। প্রত্যেকটির আলাদা আলাদা গুরত্ব বহন করে। আবার কিছু সম্পর্ক হয় যার কোনো নাম নেই, থাকেনা কোনো সম্বোধন। আত্মার সাথে জুরে থাকে জুরে রয়। সুখে হাসায় দুঃখে কাঁদায়। অনুভূতিতে দোলা দেয় বা দিতে থাকে প্রতিনিয়ত।

আমার কাছে সম্পর্ক গুলো এক একটি ফুল মনে হয়। নানা রঙের নানা বর্ণের সুভাষিত সৌন্দর্যে মোড়ানো প্রতিটি ফুল। আমি আমার এই ফুল গুলো দিয়ে বিনিসুতোর মালা গাথি। সোনেলায় এসে আমি অনেক অনেক ফুল পেয়েছি। মুক্তা, বন্যা, রিতু, নীলা আপু, মায়া আপু, রিমি আপু, অরুনীমা, নীরা সাদিয়া, স্বপ্ন নীলা আর এখন শূন্য আপু আপনারা আমার মালার সুবাসিত ফুল। এই মালার শক্ত গিঁটে আছে মহারাজ, জিসান, ইঞ্জা, মমি, মেহেদী, তৌহিদ, নাজমুল, মজিবর, রেজয়ান, অভিন, সাদ, অপার্থিব, প্রহেলিকা নিতাই দাদা আর আমার সব চেয়ে প্রিয় শ্রদ্ধেয় নাসির ভাই। আপনাদের ভালোবাসা ,প্রেম সাহচার্য আমার সোনেলায় আসাকে সার্থক করেছে। আমি সাহস পাই এখানে নিজেকে প্রকাশ করতে। আমার না বলা কথা – অ-কবিতা গুলো লিখি / লিখেছি। সবার কাছ থেকেই উৎসাহ প্রেরণা পেয়েছি। ভালোবেসেছি সোনেলাকে, সোনালী মানুষদেরকে। সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, শুভ কামনা, আন্তরিকতা সব পাওয়া হয়েছে এই উঠোনে। হাসি-আনন্দে ভরা এটি আমার আরেকটি পরিবার হয়ে গেছে আমার অজান্তেই। সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করি আমার মালার সব গুলো ফুলকেই তিনি যেনো ভালো রাখেন।

জীবন এক বড় ট্রেনের মতো। জন্ম- মৃত্যুর দুই লাইনের উপর পাথর ভরা পথে চলতে থাকে। যাত্রী উঠা-নামার মতোই সম্পর্ক গুলো যোগ- বিয়োগ হতে থাকে। কোনো ট্রেন ঠিকঠিক গন্তব্যে পৌছে যায়, আর কোনটি কখনোই গন্তব্যের ঠিকানা পায় না। হারিয়ে যায় কালের স্রোতে। সব কিছু তার হাতে, যে ট্রেনগুলো সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন ভাগ্যের ম্যাপ হাতে এঁকে।

স্রষ্টা-সৃষ্টি- ভাগ্য- নিয়তি- পরিণতি- সব কিছু কেবল একজনের। বোঝা- না বোঝায় চলতে থাকি আমরা।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9d%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9d%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be/#comments
