# বৈশাখী যামিনী

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-04-13T12:39:05+00:00
- Updated: 2020-04-13T13:29:24+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b6%e0%a6%be%e0%a6%96%e0%a7%80-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80/

---

বিশাখানক্ষত্রযুক্তা পূর্ণিমায় তটিনীর লহরীতে দুধেল শুভ্রতা;  
সারি সারি লহরী আছড়ে পড়ছে বিদীর্ণ , বিস্তীর্ণ তটের আবক্ষে।  
তেপান্তরের মাঠে মোহন বাঁশির সুরে বিমূর্ত যামিনী আকন্ঠ নিমজ্জিত;  
অভিলাষের জোয়ারে ভেসে যায় কামার্ত তনুমন।  
আলস্য-নিমগ্নতায় ছুঁয়ে যায় প্রকৃতির বিরান ভূমি;  
শ্রান্ত-অবিশ্রান্ত কায়াখানি নিস্তেজ, নিগূঢ় পড়ে রয় মেটো শয্যায়।  
তলদেশে জলজ জনেরা নৃত্য-গীত করে-  
আর টপাটপ মনুষ্য-ফাঁদের বলয়ে অবরুদ্ধ হয়।

খেয়াপাড়ে দিনান্তে বাঁধা রয় সারি সারি তরণী দল।  
উদোম নীলাম্বর অপলক চেয়ে রয় অবারিত সবুজের পানে;  
যেথায় সমীরণ দোদুল্যমান শষ্য-ভূমে।  
নব-আগমনের বীজ বপিত হয় রজঃস্বলার ভ্রূণে।  
আঙ্গিনায় ফলবতী আম-জাম-লিচুর ঠোকাঠুকি;  
বাতাসে ছড়ায় মধুমাসের আগমনী বার্তা।

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b6%e0%a6%be%e0%a6%96%e0%a7%80-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80/#comments
