# শেষ পরিণতি

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-08-10T18:00:05+00:00
- Updated: 2020-08-11T10:33:02+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0%e0%a7%80%e0%a6%9f%e0%a6%be/

---

 

ছায়াগুলো শুয়ে দূর্বা ঘাসের  কার্পেটের বিছানায়,  
অপলক শুধু দেখছে উলঙ্গ উপুড় হওয়া নীলাম্বরকে।  
বুনোপথের সমান্তরালে দূর্বা ঘাসগুলো সম্ভাষণ জানাচ্ছে অনন্তকাল;  
ফড়িংয়েরা দুলছে ঘাসের আগায় হাওয়ার লহরীতে।  
মিহির-কণায় দূর্বা ঘাসের চাপা ক্রন্দনে বর্ণিল বিচ্ছুরণ,  
পথভোলা পথিকের তৃষ্ণার্ত বারিধারা।  
ক্লান্ত পথিক- একমুঠো রোদ, দূর্বার আরতি লয়ে;  
মুঠি মুঠি ঝলসানো দূর্বা গোগ্রাসে তৃপ্তির ঢেকুর তুলছে।  
নীহার বিন্দুর জলজ প্রাচীরে প্রাচীন কুসংস্কার, ধূলিকণা;  
ঊর্ণাজালে কপোত-কপোতীর বেওয়ারিশ ভালোবাসা হাঁসফাঁস করছে অনাদিকাল।  
হরিৎ বনানী সেজেছে আধ খাওয়া আপেলের মতো।  

চোখের কোলে জমানো জলাধারে সঞ্চিত বহুবর্ষীয় হাহাকার ও আর্ত্ননাদ;  
থমকে নেই অবাধ্য স্বপ্নের আসা-যাওয়া অলস মস্তিষ্কের নিউরণে।  
বর্ষীয়ান কুঁচকানো মরালগ্রীবায় ঝুলছে চাওয়া-পাওয়ার বেহিসেবি ডায়েরীটা;  
পচন ধরেছে শরীরের আনাচে কানাচে জমাট বাঁধা মাংস খন্ডে,  
হাওয়ায় ভেসে বেড়ায় মাংস পঁচা দুর্গন্ধের বায়বীয় পদার্থ।  
মাংসাশী পশুর দল রসনার মহোৎসবে মাতোয়ারা।  
হেম-পেয়ালা হাতে সুদূর তেপান্তরে যমদূতের ওষ্ঠে বিজয়ীর হাসি দুলছে;  
ঈশ্বর আছেন/না নেই? তার হিসাব মিলবে গভীর ঘুমের  দ্বারপ্রান্তে-আধখোলা আঁখিতে;  
জীবন ঘাটে তরী বাঁধা-অনতিবিলম্বে ভবনদী পারাপারের অপেক্ষায়।

---

Comments: 33 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0%e0%a7%80%e0%a6%9f%e0%a6%be/#comments
