# বৃষ্টির বরণ (৭)

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-06-30T01:55:43+00:00
- Updated: 2019-06-30T01:55:43+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3-%e0%a7%ad/

---

 

ছাঁট-লাগা বৃষ্টি এড়াতে/গা-বাঁচাতে  
হঠাৎ স্মরণে আসা পড়শি-বাড়ী খুঁজি,  
নিপুণ-নিঝুম ভেতর-ঘর না হলেও  
এক চিলতে বারান্দায় হন্যে হই;  
মনের অজান্তে স্মৃতির বিস্মৃতিতে।

এখন আবার ঝেঁপে আসা বৃষ্টির রিমঝিম  
রিমঝিম নিবিড় গুঞ্জনে সুপ্রিতীময় নামতা,  
বেজে ওঠে না, দূর-দেশে দূর-বনে হারিয়ে যাওয়া  
বৃষ্টি-মৌগন্ধা কোন স্মৃতি ফুলে ওঠে না।

টিপ টিপ বৃষ্টির মিটমিটে হাতছানি  
ঝাপসা-আধারের রূপকথা নিয়ে আচমকা  
পেছন থেকে চোখ চেপে ধরে বলে না  
বলতো কে?

বাদল-ভূত শর্টকাট রাস্তা দেখিয়ে  
আধারের পাশে টেনে নিতে চায়,  
হাত বাড়িয়ে ডেকে যায় অবিরাম  
কী না কী কাজ আছে নাকি তার সাথে!!

ধেয়ে আসা বৃষ্টির এ সময়টুকুতে  
মেছো-ভূতের হাতের ভাঁজা ইলিশ নয়  
একটুখানি সরষে-মুড়ি পেলে ঠাণ্ডার ধাতটুকু  
এড়ানো যেত, বৃষ্টি বরণের এই জলার-জংলায়  
বট-পাকুড়ের কোলে।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3-%e0%a7%ad/#comments
