# বৃষ্টির নান্দনিক ঐশ্বর্যে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-07-25T05:24:28+00:00
- Updated: 2020-07-25T06:26:03+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%90%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af/

---

 

স্বচ্ছ ঝকঝকে তকতকে নীলাকাশের চাদরে  
মেঘেদের অভিসার-উচ্ছলতা ঋতুদের পরিভ্রমণে,  
এ যেন ফিরে পাওয়া প্রত্যয় সাফল্য  
রৌদ্রদের দাঁত কিড়মিড় তীব্র হলাহল এড়িয়ে;  
হৃদয়ের স্থিত আদিম আর্দ্রতায়, প্রমিত করি চিরন্তন সাথীরে  
অনুরক্ত ভঙ্গিতে হৃদয়ের অলৌকিক নগরে;

বৃষ্টির নেই ধীর লয়ের পাশবিক দ্বৈরথ  
ঘনীভূত বিষের হিস হিস ধ্বনি, হা-হুতাশ;

বৃষ্টির অবাধ সরোবরে  
প্রহেলিকাদের পেছনে ফেলে, স্নিগ্ধ আলোয় আলোক-স্নাত  
এ এক অলৌকিক বিমোহন বৃষ্টির ফোটা ফোটা জল  
শার্সিগুলোয় আজ অবাধ চলাচলে, মুগ্ধতার দৃষ্টিতে;

সবুজের আচ্ছাদনে সজ্জিত অরণ্য প্রান্তরে, ফুলেদের রঙ প্লাবন  
বিপুল বিস্তৃত বিন্যাসের প্রস্ফুটিত ফুলের রঙ মহলে।

মেঘ ফুড়ে বেরিয়ে আসা রূপোলী-বৃষ্টি অপেক্ষমাণতার প্রহর শেষে  
মেলেছে স্ফটিক-ডানা প্রমোদ বিহারের আবেদনে,  
লাবণ্যময়তার ডালি সাজিয়ে নান্দনিক ঐশ্বর্যে;  
নিসর্গ-নির্মাণে গাঢ়-ঘনীভূত আহ্বানে।

ছবি নেট থেকে।

উৎসর্গঃ  
কবি সাবিনা ইয়াসমিন, নামি নামি করে সোনেলায় তাঁর মাত্র দু’বছর!!

---

Comments: 41 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%90%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af/#comments
