# বৃষ্টির চিৎকার

Author: ছাইরাছ হেলাল
Published: 2018-07-11
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

অঝোর-বৃষ্টিকে এবার বিদায় বলার কথা ভাবি,  
ভাবতে ভাবতে বলেই ফেলি, বৃষ্টিও আমাকে;  
এ ও কে বলি, ও ও আমাকে বলে,  
বলাবলি চালু থাকে।  
ও একটু বেশি-বেশিই বলে,  
আমি বলি-না।  
শুধুই ডাকি, বিদায়ের ডাক।

বলা-বলি, কওয়া-কওয়ির শেষের পাশ-সীমান্তে দাঁড়িয়ে  
শৈশবি বাতাসে কিসের যেন গন্ধ খুঁজে পাই  
বুকের গভীরে অনেকটা জায়গা জুড়ে;

গড়িয়ে পড়া ভেজা-কাঁচের ওপাশ থেকে  
বৃষ্টিকে ঘরে তুলে আনি আলতো করে,  
নমিত উচ্চারণে, অন্ধকারের বাতি নিভিয়ে  
আধো আলোতে;

আমরা ভিজতে থাকি, অবিরাম ভিজি,  
কাতার-বন্দি হয়ে ভিজতেই থাকি;  
চেনা-চেনা চেনা-জানা শরীরে, শরীরী চিৎকারে;
