# বি পজিটিভ!

Author: তৌহিদুল ইসলাম
Published: 2019-05-22
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ad/

দেশের মানুষ গোল্লায় যাক! আমার কি?  
.  
কৃষক তার নিজের চাষকৃত ধানে আগুন দিচ্ছে দিক! আমার কি?  
.  
কেউ ঘুষ খাক, দুর্নীতি করুক, পারমানবিক বালিশ ফেটে এটোম বোমা বের হোক! আমার কি?  
.  
কর্মচারী থেকে চাপরাশি সবাই বিলাসবহুল গাড়ীবাড়ির মালিক হোক! আমার কি?  
.  
প্রশ্নপত্র ফাঁস হোক, ছাত্ররা অস্ত্র ধরুক! আমার কি?  
.  
প্রতিবাদ করে কেউ মরে মরুক! আমার কি?  
.  
দেশ অস্থিতিশীল হয় হোক, রোহিঙ্গারা থাকুক না হয় চলে যাক! আমার কি?  
.  
সংসদ অবৈদ, সরকার অবৈধ -এদের মানিনা মানবোনা। এই সংসদে আমরা যাবোনা বলেও যারা সংসদে যাচ্ছে যাক! আমার কি?  
.  
হাজার কোটি টাকা লোপাট করে ঋনখেলাপীরা বুক ফুলিয়ে হাটছে হাটুক! আমার কি?  
.  
পাকিস্তান বিশ্বকাপ জিতুক, একজন মাশরাফী অন্যায়ের প্রতিবাদ করে করুক! আমার কি?  
.  
আমার বাবার ঘর্মাক্ত উপার্জন জলে যায় যাক, বিচার চাইতে আসা মায়ের কান্নার আহাজারি কেউ শুনুক আর না শুনুক; আমার বোন ধর্ষিত হয় হোক; আমার ভাই বাসচাপায় মরলো কি বাঁচলো এসবে আমার কিচ্ছু এসে যায়না।  
.  
ধুর ধুর! এসবে আমার কি? তোমরাই এসব নিয়ে ট্রল করো, প্রতিবাদ করো আর আন্দোলন করো। যাই করো তাতে আমার কি?  
.  
তোমরা যারা এসব করে সময় নষ্ট করো তারা একেকজন আস্ত রামছাগল!!

আমি শুধু সোশ্যাল মিডিয়াতে গল্প আর কবিতা লিখি, নিজের ছবি দেই। দেশের এসব ক্যাচালের(!) কথা আমার ওয়ালে লিখে, পোষ্ট করে শখের আইডি হাড়াতে চাইনা; অন্যের গালাগালিও শুনতে চাইনা। এসবের বিরুদ্ধে বলে কি হবে? একদিনতো মরেই যাব!

এই নিয়েই বেশ আছি। সুখেই আছি, শান্তিতেই আছি। আমার পরিচয়? তোমরা যে যাই বলো, এত কিছুর পরেও আমি কিন্তু ভাই **বি পজিটিভ!**  
.  
উপরের এসব যদি আপনার মনের কথা হয় তা ভাই যাননা, বিবাহিত হলে প্যাকেজট্যুরে সেন্টমার্টিনে হানিমুন করে আসুন আরেকবার আর অবিবাহিত হলে জাস্টফ্রেন্ডকে নিয়ে স্টার সিনেপ্লেক্স এ নতুন মুভি এসেছে দেখে আসুন।  
…  
এমন বি পজিটিভ প্রতিভা কি আসলেই দেশ বা জনগনের জন্য কল্যানকর? সফলতার সাথে নিজের জন্য, পরিবারের সদস্যদের জন্য আজ পর্যন্ত একটি ভালো কাজও কি আমরা করেছি?

আমার কথাগুলো ভালো না লাগলে ইগ্নোর করুন, মনে মনে কিংবা প্রকাশ্যে বকাঝকা করে যান; তবুও দিনশেষে একবার ভাববেন কিন্তু। আর বাকীরা যারা আছি তারা একটু হলেও দু’কলম লিখে প্রতিবাদ করে নিজের মনকে শান্ত্বনা দেই – নাহ! কিছুতো করেছি।

সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন মিডিয়া যেখানেই এক্টিভ থাকুন প্রেম পিরিতি ভালোবাসার পাশাপাশি নিজের দেশকে নিয়েও পজিটিভভাবে লিখুন। সবাই নিজের দেশকে ভালোবাসুন, আপন ব্যক্তিসত্ত্বাকে জাগিয়ে তুলুন। মনে রাখবেন,একজন সু-নাগরিকই পারেন দেশের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি জবাব দেবেন একবারও কি ভেবেছেন?
