# বিরুদ্ধাচারীদের আগমন

- Author: [ভোরের শিশির](https://sonelablog.com/author/nitesh-barua/)
- Published: 2015-03-11T14:35:24+00:00
- Updated: 2015-03-15T18:59:53+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a6%ae%e0%a6%a8/

---

সেদিন বিরুদ্ধাচারীদের আগমন ঘটেছিল।  
মাঠে কিংবা রাজপথে বসন্তের সাথে শিমূল,  
বুনোহাঁসের নীড়ে ফেরার তড়িঘড়ি,  
যাযাবর মেঘের সূর্যের সাথে লুকোচুরি,  
বেলা অবেলায় রক্তিম গোধূলি আর  
ঝরা পাতার শীর্ণতা ছাড়িয়ে।

সেদিন বিরুদ্ধাচারীদের আগমন ঘটেছিল।  
হতবুদ্ধি কিংবা তাৎপর্যপূর্ণ মূক ও বধির ইশারা,  
আবেগে চোখের জলকেলি,  
ভ্রষ্ট সন্ন্যাসীর মনমেহন,  
দিবারজনী চালুকলার পূর্ণ প্রদর্শন,  
হৃদয় মন্থনে অসুরতার স্থিরতা আর  
সরলতার বিভমিষা জাগিয়ে।

সেদিন বিরুদ্ধাচারীদের আগমন ঘটেছিল।  
সম্প্রদায়ের কিংবা সাম্প্রদায়িকতার অকথিত প্রতিজ্ঞার দূরদর্শন,  
স্থিরতার আপন জঠরে প্রত্যাবর্তন,  
ভুবনখ্যাত স্পর্শের বেনোজলের ঢেউ,  
অনুচ্চারিত অথচ স্পষ্ট তর্জনীর আস্ফালন আর  
হৃদস্পদনে শারীরিক সঙ্গমের রক্তক্ষরণে।

সেদিন বিরুদ্ধাচারীদের আগমন ঘটেছিল  
ব্যর্থতার সরল সোপানে চড়ে বাস্তবতার বিজয়োল্লাসে,  
সেদিন আচারীদের প্রত্যাবর্তনের খুঁটি সরিয়ে  
বিরুদ্ধাচারীদের আগমন ঘটেছিল।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a6%ae%e0%a6%a8/#comments
