# বিমূর্ত যখন দুঃখের সুখ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-08-25T04:19:26+00:00
- Updated: 2019-08-25T04:19:26+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%af%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96/

---

 

দুঃখ!  
লুকিয়ে পড়ো এক্ষুণি, সুচারু/সযত্নে লুকিয়ে রাখি,  
গুটিয়ে রাখা আস্তিনের হা হা হাসির ভাঁজে ভাঁজে!  
দুঃখ!  
লুকিয়ে থাকার ভান করো, বত্রিশ দাঁতের  
খটখটে হাসির আড়ালে।  
দুঃখ!  
ছিচ-কাঁদুনে বা হৃদয়ের এফোঁড় ওফোঁড়ে  
অট্টহাসির আড়াল নিয়ে, লুকোনোর বাহানা করো  
শাড়ির নিপুণ/নিঝুম ভাঁজে, নিশ্চিত আত্মহত্যার সহজতম পথে।  
দুঃখ!  
কল কল ছল ছল করে ওঠো, ঝাঁপিয়ে দাপিয়ে পড়,  
প্রতারণার ১৬/৩২/৬৪/১২৮ সৌকুমার্যের তাবৎ ছলা-কলা নিয়ে।  
দুঃখ!  
তাম্বূল রস ঠোঁটে-পরে যাও-না ও-পাড়ায়, কুটনির বেশে,  
অব্যর্থের নিপুণ কলায় কানপড়া দিয়ে লেলিহান আগুন  
জ্বালিতে দাও, মহানন্দে;  
এই ফাঁকে হাঁসফাঁস বুকে একটু নিঃশ্বাস নেই।  
দুঃখ!  
বিক্ষুব্ধ-সমুদ্দুরের উত্তাল তরঙ্গকে বলি খামোশ!  
শুনতে যেন বয়েই গেছে বিলাপের আস্ফালন।  
দুঃখ!  
চকচকে করাত, ছুরি, বাটালি, হাতুড়ি নিয়ে উন্মত্ত ডাক্তার  
দাঁড়িয়ে, চৈতন্যে রেখেই পাঁজর কেটে/ভেঙ্গে উপড়ে নেবে  
তাজা হৃৎপিণ্ড, নো চিৎকার চেঁচামেচি, উহু আহা-ও না।

গন্দম খেকো আদম! এখন কেঁদেকেটে কী আর লাভ!  
যেতে হবে নশ্বর পৃথিবীতেই, বেহেশত ছেঁড়ে!

জ্যোৎস্না-স্নাত সরাইখানার দ্বারে দাঁড়িয়ে  
ছটফট করছি-না পরমান্নের লোভে, মনঃপূত অক্লেশ আয়োজনে দুঃখের  
ফিসফাসের ফাঁকা আওয়াজটুকু রাহুগ্রস্তের ছিন্ন ভিন্নতা নিয়ে  
অসংশয়ে বেশ শুনতে পাচ্ছি।

গুচ্ছ গুচ্ছ ফুলের অলংকার! চোখ ধাঁধায়, আলো দেয় না।  
থাকুক-না দুঃখের-সুখ চির-অম্লান, মখমল শয্যায়।

---

Comments: 29 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%af%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%83%e0%a6%96%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96/#comments
