# বিবর্তনবাদ

Author: সুপর্ণা ফাল্গুনী
Published: 2021-05-03
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6/

পড়ন্ত বিকেল সন্নিকটে দন্ডায়মান,  
মস্তিষ্কের অনুরণনে বাজেয়াপ্ত সময়ের সমন।  
মায়ার কম্পনে প্রকম্পিত আয়ুষ্কাল;  
বাগানবিলাসের মোহে ব্যথার কন্টক ফুটন্ত-গোলাপ;  
বহমান ক্ষরণের রক্তিম-আভা চোখের পর্দায় ভাসে।  
সমুদ্রের নোনা জল ছুঁয়ে যায় কপোল-মানচিত্র-  
বাতাসে ‘বেলাশেষে’র দৈববাণী কর্ণগহ্বরে আছড়ে পড়ে।  
কথার ভাঁজে ভাঁজে সত্য-মিথ্যা এফোঁড়ওফোঁড় হয়ে- নকশী কাঁথা গায়ে জড়ায় ডারউইনের বিবর্তনবাদ;  
জীবনানন্দের বনলতারা শালিক-টিয়ার বেশে নির্জন যমুনার তীরে পুঁথি পাঠের আসর বসায় না।

মোনালিসার রহস্যময়ী চাহনিতে ব্যোমকেশ, ফেলুদা রহস্যের গন্ধ খুঁজতে ঝাঁপিয়ে পড়ে না ।  
পরস্ত্রী অপহরণকারী রাবন আজো পরিপূর্ণ খলনায়কের ভূমিকায় বর্তমান;  
বাতাসে ধুতুরার গন্ধ ছড়িয়ে পড়ে মৃত্যুর আলিঙ্গনে।  
মনের জলছবিতে চিত্রাঙ্গদা উঁকি দিয়ে যায় এলোমেলো সন্ধ্যায়-  
চন্দ্রমুখীদের ভালোবাসা জলসা ঘরের আলোকসজ্জায় কালবৈশাখী ঝড়ের আঁধার।

ছবি-গুগল

২১শে জানুয়ারী ২০২১
