# বিপ্লব কবিতা ভালোবাসে

Author: প্রদীপ চক্রবর্তী
Published: 2020-12-18
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87/

সুকান্ত,  
নক্ষত্র নিয়ন্ত্রিত নীলাকাশের বুকে এখনো বসন্ত আসেনি। শীতার্ত শরীর জুড়ে কেবল বিপ্লব।  
সে বিপ্লব কাঁটাতারের সীমান্তে দীর্ঘস্থায়ী!

বিপ্লব যুদ্ধের ব্যূহ রচনা করে। মিছিলে মিছিলে সাজায় প্রেমের প্রতিমূর্তি।

আমাদের প্রেম হয়নি।  
কিন্তু প্রতিবিম্বে প্রতিফলিত হয়েছে কিছু জমানো নিয়মমাফিক গল্প।  
গল্পে তো কত প্রেম থাকে, থাকে কত না বলা কথা।  
আজকাল তা আর প্রস্ফুটিত হয় না।  
বরং গল্প, গল্পই থেকে থাকে।

এখন আর মাঠ ভর্তি ইরিধান নেই।  
তবুও সিদ্ধ ধানের সুধাময় সুগন্ধি বের হয় অপরাজিতার সন্ধ্যারাতে।

শীত চাপিয়ে পড়লে কবিতারা অজানায় ছুটে চলে।  
তাই আর মুঠো বন্দি করে রাখা যায়না কবিতা।  
কিন্তু বিপ্লব যে কবিতা ভালোবাসে।  
বিপ্লবী যে প্রেমময়ীর কাঁধে মাথা রেখে কবিতা শোনে।

হেমন্তের শেষ প্রহরে চারদিক জুড়ে কেবল শুকনো পাতার মরসুম। তাই হরির লুটের মতো ঝরে পড়ে আছে সজনের পাতা।

সুকান্ত,  
প্রেমে পড়লে মানুষ ব্যাকরণের নিয়ম ভেঙে কত কবিতা লেখে। পাঠক সমাজে কত আলোচিত ও সমালোচিত হয়। আমাদের প্রেম হয়নি বলে গল্প এসে জমা হয়।  
রাত গভীর হলে খোলা মাঠে সাজাও তুমি তাসেরঘর।

কিন্তু বিপ্লব যে কবিতা ভালোবাসে।

.

ছবিঃ সংগৃহীত।
