# বিধাতা হেসে ফেলেন প্রকাশে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-07-29T02:32:25+00:00
- Updated: 2018-07-29T03:15:07+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/

---

ফেলে রেখে ফেলে যাওয়া রাজ্য পাটে  
গুমরে উঠছে কান্না-লহরী নিভৃতে, প্রকাশ্যে  
মুখ চাপড়ে বুক থাবড়ে, ক্ষীণ-বস্ত্রে, উলু ধ্বনিতে;  
হু-হু আহা-আহা, উহু-উহু, হায় রাজা হায় রাজা।

ছর-ছর শব্দে বয়ে যাওয়া গ্লিসারিন কাঁদাকাটার  
স্রোতের শেষে, কান্নার ঢেউ তুলে সিডর ডেকে আনা  
বিস্তর বিস্তার কান্না-সভার আয়োজনে,  
দিক্বিদিক হারিয়ে ছন্নছাড়ার বেশে;  
ষোল/বত্রিশ প্রহর জুড়ে, কে দেবে আশা, কে দেবে ভরসা,  
এই প্রয়াণ-প্রণয়ের জল-স্থল-অন্তরীক্ষে!!

সিংহাকৃতির ভুয়া আসনটি ছেড়ে  
রাজন এবার বনবাসের বন-কেলিতে(বাধ্য হয়ে)।

রানী-মা ভাবেন বারে-বারে বার-বার ঘুঘু তুমি  
চুবে-চুবে চুপে-চুপে খেয়েছ বহুত ঘোলা জল,  
ফস্কা গেরোতে নয়,  
বাঁধবো এবার হেভি-লোহার কাঁটা-ভরা শেকলে,  
দেখি-না এবার আসে  
কোন এলোকেশী বা টাউক্কা শালারা সুপারিশে,  
মুণ্ডু ঘুরিয়ে দেব বিরাশি সিক্কার এক চটকানোতে!

সপাটে-জাপটে ধরে সুপুরি/তাল/বেল/নারকেল/কদম্ব বা কদলী বৃক্ষ  
মিহি-কান্নার হেঁচকি-হোঁচট খেতে-খেতে হৃদ-ব্যথা-কান্নার-হাবুডুবুতে  
দীর্ঘ থেকে দীর্ঘতর/দীর্ঘতম হবে/হোক এ বনবাস/বনুবাস;মনোরম ফাঁদ;

এখানেই না হয় খুঁজে নেব নূতনের দাস/দাসী  
বা ইতং বিতং অন্তর্ভেদী প্রলয়- প্রণয়-নিপুণ বনদেবী/বনুদেবী;

বিধাতা এবার আর আড়ালে নয়,  
হাসেন প্রকাশ্যে, প্রকাশে।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/#comments
