# বিদঘুটে স্বপ্নের ঘেরা টোপে

Author: জসীম উদ্দীন মুহম্মদ
Published: 2014-09-27
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%98%e0%a7%81%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%8b/

লাল নীল ঘুম এখন দিত দু চোখের পাতায় চুম  
অথচ পরিহাস এক অশুদ্ধ সময়ের  
মস্তিষ্কের স্নায়ু কেন্দ্রের বেশুমার হিসাব  
কালনিশির মত বড় বেশি বাজে  
অলক্ষণে হুতুম পেঁচার ডাক !  
চেয়ে আছি এই আজব অন্ধকারের দিকে  
চেয়ে আছি এই অসীম শূন্যতার দিকে  
আর  
মনে মনে ভাবি কেন এত নিষ্ঠুর পরিহাস !  
আজ ইচ্ছে পাখি বনেদি সুতোয় মালা গেঁথে  
উড়ে যায়  
বাঁধন হারার দেশে  
সাত সমুদ্দুর পেরিয়ে এক নিমিষে !  
অথচ  
এখন অকাল সময়ের প্রহরে বন্দি  
এক নিরামিষ মন  
বিদঘুটে স্বপ্নের ঘেরা টোপে আবদ্ধ এ জীবন !
