# বিদগ্ধ অস্তিত্বের চিহ্ন

Author: তৌহিদুল ইসলাম
Published: 2019-08-27
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%97%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%85%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%a8/

উদাসীন পৃথিবীর এক কোণে বিজারিত যুথীকায়  
তোমার ঠোঁট নিঃসৃত অমৃতকে সঞ্চিত করেছি-  
আত্মদহনে, আমার গানের সুরে।  
আমাকে ভুলে যাও সরে যাও ক্ষতি নেই;  
সম্পূর্ণ ভোলার আগেই নিজের পদচিহ্ন এঁকে দিলাম-  
চৈত্রদুপুরে, তোমার আঙিনায় দুয়ার পাশে।

তপ্ত বালিয়াড়ির বুকচিরে আহরিত কামনির্যাসের গাত্রোত্থানে  
কিংবা নিরন্তর বয়ে চলা ঘাঘটের অন্ধকার অতল কূপে;  
শতাব্দীর শেষ যে স্রোত ফুঁসে উঠবে  
সেই ধারায় এখনো উঠছে আর নামছে-  
খোঁপায় বাঁধা হলুদ এলামান্ডাটি।

আজ উদঘাটিত হয়েছে অতীতের সব ইতিহাস  
আমি ছিলাম আছি থাকবো- সৃষ্টির আদি হতে অন্তে,  
অসম মিলনের আলোক প্রকাশে;  
নয়তো গড়ের মাঠের বিযুক্ত হংস রহস্যে।

ভালোবাসার অমৃত পেয়ালা হাতে নিয়ে  
ঐ দূর পাণে, আকাশে জ্যোতির্ময় কালপুরুষ হয়ে;  
যে রাত্রে সকল চিহ্নরা অচিনের মাঝে যায় মিশে  
দ্বিধায়, ভয়ে- প্রবল কামোত্তাপের অগ্নি খরাতে।
