# বিজয়ের হাতছানি

- Author: [মুহম্মদ মাসুদ](https://sonelablog.com/author/masud95/)
- Published: 2019-12-13T08:29:29+00:00
- Updated: 2019-12-13T08:29:29+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf/

---

ধূলিকণার প্রহর শেষ হয়েছে,  
বিজয় মিছিলে রক্তমাখা শহীদদের প্রতিবিম্ব,  
ছায়া হয়ে যোগ দিয়েছে শ্লোগানে,  
মুমূর্ষু দেহ খন্ডিত পরিচিত চেনা মুখ,  
ভোরের রক্তিম সূর্য লাল রক্তের গান গাইছে,  
চারদিকে দেশের গান, কখনো গোলাবারুদের শব্দ,  
আজ ১৬ ডিসেম্বর।

মাকে খুব মনে পড়ছে,  
কতদিন দেখিনা মায়ের মুখ,  
নিশ্চয়ই খুব চিন্তায় প্রহর গুনছে একাকী,  
বাতাসে বিজয়ের গন্ধ,  
মৃত্যুর খবর এখনো পৌছায়নি,  
রোজ সন্ধ্যায় হ্যারিকেনের নিভু নিভু আলো জ্বলে,  
অন্ধকার হয়ে মাকে ছুঁয়ে যাচ্ছি,  
কান্নার আওয়াজ ডাহুক পাখি পেয়েছে,  
আর রক্ত! মেহেদী গাছের পাতায়,  
ভালো থেকো মা, ফিরে না আসলে রাত্রিযাপন করো না,  
বিজয়ের খবর আকাশে বাতাসে উড়ছে,  
আর আমি! জানিনা কবে বিজয়ের খবর দেব,  
একটি রক্তমাখা চিঠি আছে কানাইয়ের কাছে,  
পড়ে নিও, না ফেরার খবর পাবে,  
বিজয় শব্দটি লিখে দিয়েছি কাগজের কোণে।

ছবিঃ সংগৃহীত

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf/#comments
