# বাবা’র হাতখানি

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2015-04-29T13:36:25+00:00
- Updated: 2015-04-29T14:00:44+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf/

---

[!\[11169852_857063354363715_397438550533279473_n\](http://sonelablog.com/wp-content/uploads/2015/04/11169852_857063354363715_397438550533279473_n-500x270.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/04/11169852_857063354363715_397438550533279473_n.jpg)  
আমার সাঁতার শেখা লেক। বাবার হাতে আমার ছোট দুটি হাত শক্ত করে ধরা। হাত-পা ছুঁড়ছি, ভেসে থাকার প্রাণপণ চেষ্টায়। একদিন, দু’দিন। অতঃপর একদিন হাত দু’টি ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকেন বাবা। আমি হাবুডুবু খেতে খেতে, তলিয়ে যেতে যেতে ভেসে উঠি। প্রাণপণ চেষ্টায় বাবার হাত দু’টি ধরে ফেলি। বাবা হাসেন বিজয়ীর হাসি। আমি অঝোরে কাঁদি। বাড়ি ফিরে মা’কে অনুযোগ করি__ ডুবে যাচ্ছিলাম, মারা যাচ্ছিলাম, তবুও বাবা হাত বাড়িয়ে টেনে তোলেনি, বাঁচায়নি…

বাবা’রা পরম মমতায়, যত্নে, আদরে আগলে রাখা কন্যাদের হাত জীবনে একবারই ছেড়ে দেন। সানাইয়ের করুণ সুরের সাথে সাথে, হাত দু’খানি ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে অসহায় চাহনিতে বাঁধভাঙা জল ঝরান সকলের অগোচরে…

জীবনের ঘাত-প্রতিঘাতে ডুবে যাওয়া থেকে একা একা বেঁচে উঠা শিখিয়ে,  
অদূরে দাঁড়িয়ে থাকা নির্ভরতার হাত দু’খানি, প্রিয় মুখখানি কেমন দ্রুততার সাথে হারায়, হায় !

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf/#comments
