# বাতাসের ঘ্রাণে ঘ্রাণে

Author: ছাইরাছ হেলাল
Published: 2022-06-09
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%87-%e0%a6%98%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%87/

পিলপিল করে ধেয়ে আসছে দুর্যোগ-দুর্বিপাক দলে দলে,  
চিনচিনে স্যাঁতসেঁতে ভয়ের সর্বস্বতায়, বিফল যখন নির্জন অশ্রুপাত,  
নির্বিকার সূত্রহীন ভ্যাবাচ্যাকা অন্তরের অভ্যন্তরে শুধুই স্মৃতির যন্ত্রণা;

নিরেট ইউরেকা ইউরেকা শুধুই ধড়ফড়ে দুঃস্বপ্ন,  
ক্ষতযুক্ত ম্লান প্রাণে শুধুই খুঁজে ফেরা  
একটুখানি উদ্ধার চিহ্ন;

অন্তহীন হিবিজিবি হৃৎপিণ্ডে দিনের পর দিন  
স্পন্দমান হৃদয়ের খোঁজ,সামান্যের উত্তাল প্রশান্তিতে,  
হইহুল্লোড়ের সাক্ষী-সাবুদ লুকিয়ে;

যেখানে এখন শুধুই জ্যোৎস্নার উজ্জ্বলতা,  
সীমান্ত পার ক’রে দেয়া  
বাতাসের মিহি ঘ্রাণে ঘ্রাণে চাঁদের নাচন;

ছবি নেটের।
