# বাউড়ি বাতাসে বাওয়াল ভাবনা (৭)

Author: আগুন রঙের শিমুল
Published: 2017-03-17
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%89%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8-2/

**১**

সেন্টারফোল্ডের মতো ঝলমলে উপস্থাপন –  
এই দেখো, না দেখোনা লুকোচুরি  
আজ এই হাত কাল ঐ হাত ঘোরাঘুরি –  
এইরকম করে আর কতদূর যাবে?  
অথচ আমি তো জানি –  
জীবন বদলাতে চেয়েছিলে, চারুলতা।

**২**

কখন যে মুছে আসে আলো –  
কখন যে পর হয় পরিচিত ঘ্রাণ,  
মনে রাখবার আয়োজন করেই ভুলেছি তার সব  
কথা, ব্যথা, হাসি, অভিমান ; একান্ত অনুভব।

**৩**

খর রোদ্দুরের –  
নিদাঘ দাহকালে  
বিভাজনের ছবি দেখি,  
আকাশের আয়নায়।  
দ্বিখণ্ডিত জীবনের –  
উড়াল দ্বীর্ঘশ্বাস  
বেপথু হাওয়ায়  
বিষণ্ণ পরবাস।

**৪**

সেই যে নদীটা –  
যার বুকের থেকে দেখা যায়,  
পথে পথে মায়া ছড়ানো।  
তার সাথে দেখা হলে ফের, জেনে নিও –  
তার জলের কোন ঘুর্নিতে দুঃখ লুকানো।

**৫**

আতশবাজির রঙের উৎসবে বিব্রত জোছনা  
আমার নিঃসাড় মুখ দেখো –  
তোমাদের রঙ্গীন আলোর সৌরভ ;  
আমার আধাঁর পোড়ানো, বোঝনা।

**৬**

অথচ, সহায় হবার কথা ছিল …  
নিশূন্য চরাচরে, মৃত সময়ের ঐ পাড়ে –  
সাহস দেবার কথা ছিল অন্ধকারে  
কি অদ্ভুত মানবজীবন।
