# বাংলা ভাষার মান

- Author: [নীহারিকা](https://sonelablog.com/author/niharika/)
- Published: 2017-02-21T14:57:43+00:00
- Updated: 2017-02-21T14:57:43+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/

---

![u38841_194479_170056](http://sonelablog.com/wp-content/uploads/2017/02/u38841_194479_170056-298x300.jpg)

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ ও শুদ্ধ করে লেখার ব্যাপারে সবার সচেতনতা আশা করছি। আমি নিজেও শুদ্ধ বাংলা বলতে বা লিখতে পারি তা না, তবে চেষ্টা করছি।

যে ভাষার জন্য এদেশের মানুষ আন্দোলন করে, শহীদ হয়, বর্তমানে সেদেশের মানুষের বাংলা বলা ও লেখার অবস্থা দেখলে শহীদেরা আজ মুখ লুকাতেন বলে আমার ধারণা। শুদ্ধ বাংলা বলা এখন আর কোথাও চোখে পড়ে না। কেউ যদিওবা বলেন, সবাই কেমন যেন মুখ টিপে হাসেন। আর শুদ্ধ বানান? ভুলটাকে শুদ্ধ করে দিতে চাইলে উল্টো শুনতে হয় ‘ আরে ব্যাটা, মনের ভাব বুঝলেই হইলো’।

স্কুলগুলোর অবস্থা আরো ভয়াবহ। ইংরেজী মাধ্যমে পড়া বাচ্চারাতো বাংলার নাম শুনলেই অজ্ঞান। বাংরেজী টাইপ উচ্চারণ আর শব্দের ব্যবহার শুনলে মাথা ঘুরে যায়। আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজীর উপর যথেষ্ট দক্ষ হওয়া জরুরী কিন্তু তাই বলে মাতৃভাষা বাংলাকে উপেক্ষা করে নয়। এব্যাপারে শিক্ষকদের এবং পারিবারিক সচেতনতা খুব জরুরী।

সরকার বিভিন্ন সময়ে আইন করে বাংলা ব্যবহার বাধ্যতামুলক করেছে, কিন্তু অবস্থার উন্নতি চোখে তো পড়ছেই না, বরং দিন দিন এর অবনতি লক্ষ্যনীয়। আইন করে কিছু হয় না, যদি না থাকে সচেতনতা। সময় এসেছে সচেতন হবার। ২১শে ফেব্রুয়ারী আসলেই আমরা বাংলা নিয়ে ঝাপিয়ে পড়ি বাঙালী হবার আশায়। আবার ২২ ফেব্রুয়ারী থেকে ‘যেভাবে চলছে চলুক’ এমন একটা ভাব নিয়ে দিন শুরু করি।

যে ভাষার জন্য আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়েছেন, যে ভাষার জন্য আমরা আন্তর্জাতিক অঙ্গনে একটি গর্বিত জাতি হিসেবে পরিচিত, যেই বাংলাকে সঠিকভাবে রক্ষার দায়িত্ব আমাদেরই।

আসুন সবাই শুদ্ধ বাংলা বলা ও লিখার ব্যাপারে সচেতন হই।

বাংলা ভাষার মান রক্ষায় সবার একটু অংশগ্রহণের আশা তো করতেই পারি, তাই না?

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/#comments
