# বসন্তের দূত

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-03-13T18:00:33+00:00
- Updated: 2021-03-14T02:16:18+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a6%a3/

---

 

রুক্ষ, রুঢ় দন্ত-হাসির ডাইনি বুড়ির বিদায়ে-আম্রমুকুলে বসন্তের পাগল করা সুবাস লেগেছে;  
বসন্ত-বাতাসে বৃক্ষরাজির মাতাল নাচনে হৃদয়ে কাঁপন ধরেছে।  
বাহারী ফুলের রঙে প্রকৃতির আবক্ষে রামধনু ডানা মেলেছে;প্রজাপতির ডানায় রঙের আসর বসেছে।  
চারিদিকে বসন্তের মৌ মৌ গন্ধে মাতাল সমীরণ;  
সরু মেঠোপথ বাঁধা পড়েছে হিজল গাছের তলদেশে।  
বুনো ঘাসের ডগায় শিশিরের  
প্রকৃতি বার্তা নিয়ে এসেছে বসন্তের আগমনের।  
একি মুগ্ধতা , আবেশ মনে জন্ম দিয়েছে অনাকাঙ্খিত আকাঙ্খার বীজ!  
কিসের বারতা মনের চৌকাঠে বারবার প্রতিধ্বনিত হচ্ছে?

তিন-প্রহরের যামিনীতে নিস্তব্ধ আঁধার নেমে আসে উপত্যকা বলয়ে;  
মুক্তির উন্মাদনায় চর্ম-আবৃত গভীর খাদে টগবগ করছে লাল-নীল-হলুদ ঘোড় সওয়ারী।  
সুশীল নাগরিকের ঠোঁটের কোণে কর্পোরেট অহংকার ছুঁয়ে যায়;  
শরীরের দামী পারফিউম পাহারাদার সেজে নর্দমার বিদঘুটে সুবাস আটকে দেয়-  
চোখের কার্নিশে সোনার পাহাড় ঝুলিয়ে রাখে অতি লোভে তাঁতি নষ্ট করে।  
বসন্তের দূত বেনামে পোষ্য থাকে শহরের একমাত্র বার্তা-বাহকের নিলয়ে।

ছবি-গুগল

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0%e0%a6%a3/#comments
