# বসন্ত আজ দূর-বসন্তে

Author: ছাইরাছ হেলাল
Published: 2019-03-14
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87/

কোকিল আজ দূর-বসন্তে, ফিরে আর আসবে না সে,  
যতি চিহ্নের মত স্ফুরিত বাকস্ফুর্তি নিয়ে  
অসবর্ণ সিড়ির সাড়িতে দাঁড়িয়ে,  
বন্ধন-যাতনার প্রতিধ্বনি এড়িয়ে;

হয়ত আসবে বেমালুম ভুলে, ফেলে যাওয়া  
প্রাণ-উদ্দীপক এন্টিক মুদ্রাগুলোর টানে,  
যা প্রায়-ই অচল উভয় পাড়ে, উত্তরে, দক্ষিণে,  
পূর্ব, পশ্চিমে; বিমাতার খরঋতুতে;

হয়ত আসবে ঘুর পথে বেহিশেবির পথ ধরে,  
তুঙ্গ-পুলকে বসন্ত বিহারের তারা-নেভা-রাতে  
তারা-জ্বলা-রাতে, সোনা-জ্বরে ভুগে ভুগে;

প্রলম্বিত সবুজের মাঝে উড়ু উড়ু বক্ষে,  
ফেলে যাওয়া কোন কাব্য-পংতি হাতে  
ভাত শালিকের উৎকর্ণ হয়ে শোনা কোন হেঁয়ালি বার্তা,  
যত্রতত্র ছুঁড়ে ফেলা, ছিটকে পড়া বন-জ্যোৎস্না রাতে;

আসবে, আগামীর কোন সবুজ চরাচরে নিরক্ষ রেখা বরাবরে  
প্রত্যাশার স্বপ্ন-তরী নিয়ে, অফুরান শিশু হাসিতে।

\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*\*

“কালা, তোর কারণে নষ্ট হতে আর কী বাকী?  
কালা, তোর-ই পানে আড়-নয়নে চেয়ে চেয়ে থাকি।”
