# বসন্তের প্রত্যাবর্তন

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-02-14T06:07:57+00:00
- Updated: 2020-02-14T06:07:57+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8/

---

আম্রশাখে ফাগুন লেগেছে-  
তাই দেখে দোয়েল,শালিক,চড়ুই দল বেঁধেছে।  
তারি সাথে বুলবুলি,শ্যামা, টিয়ের নাচন লেগেছে।  
কলিকারাশির গন্ধে,বর্ণে,রূপে প্রকৃতি মেতেছে;  
কাক আলয়ে বসন্তের দূত উঁকি মেরেছে।  
সিঁদুর রাঙা শিমুল পলাশে রঙ লেগেছে-  
উলঙ্গিনী প্রকৃতির আবক্ষে।  
প্রেয়স- প্রেয়সী বাসনার বৃত্তে আবদ্ধ  
বসন্তের মলয়-সমীরে;  
অলিরা গুনগুনিয়ে যায় দখিনা বাতায়নে,  
প্রেমরস চুমে ছুঁয়ে যায় প্রকৃতির সিঁথিতে।

শিশিরভেজা শিঞ্জিনী শরমে তরুণীর নগ্ন পায়ে-  
জড়িয়ে ধরে ভালোবাসার আলিঙ্গনে।  
কুহক লেখনী কুসুম ফুটায়ে রচিছে-  
ফাগুনের প্রণয়-কাহিনী নিঃশব্দ সঙ্গোপনে।  
কুহেলী উত্তরীয় পবনে শূণ্যতায় যায় হারিয়ে,  
পুষ্পরাশিতে পাতা ঝরা বসন্ত রাজমুকুটে সাজে।  
ফাগুনের আগুনে বসন্তের কোকিল সাজে  
অগনিত পাপিষ্ঠ জনে,  
গদ্যে-পদ্যে বসন্তের সুর তুলে কাব্য জনে।

পিচ ঢালা পথ রক্তে ভিজেছিল ফাগুনে,  
শীতের আহ্বানে,বসন্তের প্রত্যাবর্তনে-  
ততো কুঁড়ি হয়নি অষ্টাদশী যুবতী  
যতো আছে কাব্য-গানে।  
কাঁঠালচাপা,কনকচাঁপা,চন্দ্রমল্লিকার সৌরভে-  
নিসর্গ মাতোয়ারা নিরন্তর অবগাহনে।  
বসন্ত এসেছে শিমুল বনে,বসন্ত এসেছে আম্র মুকুলে,  
বসন্ত এসেছে প্রেমিক-প্রেমিকাদের মনে।  
শুধু দ্রোহের অনল জ্বলছে বিশ্বব্রহ্মাণ্ডে,  
জ্বলছে আরো মনুষ্যত্বের অন্তঃকরণে।

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8/#comments
