# বশীকরণ মন্ত্র

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-06-01T00:33:09+00:00
- Updated: 2019-06-01T00:33:09+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%80%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/

---

 

খুঁজে-পেতে মুক্তো-মানিক, সমুদ্দুরে নেমেছি  
ডুবুরীর বেশে, শুদ্ধতার মাঝে তুলে নেব, যতটা পারি;  
বা না-পারি।

নৈঃশব্দের আতুর ক্রন্দনে বুকের মাঝে শুনতে পাই  
দিকহারা হরিণ-শাবকের ক্ষুরধ্বনী,  
বৈকল্যের রাগ-অনুরাগ হাতছানি দেয়  
লোভাতুর স্বপ্ন দেখায়, গহিন-গভীর রাতের-দিনে;

হাঁসফাঁস ডুবুরি ভুস করে ভেসে ওঠে  
সমুদ্র-সঙ্গম-স্নান শেষে রিক্ত-হাতে  
সুপ্তি মেলেনি!

নীলের-সৈকত-সমুদ্দুর, বালিয়াড়ির সমুদ্র-গন্ধি বুনো বাতাস  
ঝর্ণার দুরন্ত গান, জুই-চামেলি-হাস্নু সবই আছে, ছিল যেমন;

অলীক-মৌতাত-স্বর্গটি হারিয়েছে শুধু কুহকের ডাক শুনে শুনে;  
ক্লান্তির-পালক ঝেরে-মুছে ফের সমুদ্দুরে যাব  
ঐশ্বর্যের শঙ্খধ্বনি বাজিয়ে, জিপসি মেয়ের বশীকরণ মন্ত্র জপে।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%80%e0%a6%95%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/#comments
