# বন-বিড়ালের ছায়া-মায়া

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-12-11T04:25:53+00:00
- Updated: 2018-12-11T04:25:53+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be/

---

ঘরের থেকে বেরুলেই রোদ পিছু নেয়,  
নিচ্ছে/নেবে ক্রমাগত তা-ও আড়ে-ঠাড়ে বুঝিয়ে-ও দেয়,  
দিনে ও রাতে নিরন্তর  
ত্যাঁদড় এক নাছর বান্দার মত।  
পিছু নেয়, ছায়া ফেলে, ছায়ার বেশে  
যখন যেদিকে যেমন করে মন চায়, মনে চায়;

সে কী কোন ছায়া-বেশি কঠিন গুপ্তচর?  
সে কী কোন বিষ-মাখা-ছুরি-হাতের নির্মম গুপ্তঘাতক?  
নাকি  
অসভ্য-সভ্যতার নহবতে লেপ্টে থাকা কোন প্রেমিক/প্রেমিকা?  
ছায়ার সাথে উপচ্ছায়াদের নিয়ে মিলে-মিশে-থাকা অকাট্য ক্লীবতা?

আচানক গভীর ঘুম ভেঙ্গে যায়,  
কিছু-একটা কেমন-যেন-একটা  
অস্বস্তি ঘিরে ধরে ঘিরে রাখে,  
টেনে খুলে ফেলি শীতনিদ্রা,  
রগড়ানো বিষম-বিস্ময়-চোখ মেলে দেখি  
শিয়রে বসে আছে অবগুণ্ঠিত-ছায়া!  
বিমূর্ত-আধাবিমূর্ত নান্দনিক-প্রকাশে বলে ওঠে  
‘ঘুমোও তো, উঠলে কেন আবার!!  
পুরোটায় বসিয়েছি অগুনতি কড়া পাহারা।’

একাকীর ঘুমন্তকে কড়া পাহারায়!!  
ভয়ে/অভয়ে উড়ন্ত প্রতিবন্ধকতার পাতাল-জল নিয়ে ভাবি,  
সে কী কোন পাহাড়ি বন-বিড়াল/বিড়ালি?

নিকুচি করা ঘুম-অঘুম-ভাবনার রেশ কাটে  
‘হাইয়া লাচ্ছালা, হাইয়া লাল ফালা’ ডাক শুনে।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a7%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be/#comments
