# বদান্যতা

- Author: [বোকা মানুষ](https://sonelablog.com/author/bokamanush7/)
- Published: 2014-03-24T19:35:43+00:00
- Updated: 2014-03-25T20:49:42+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [মুক্তিযুদ্ধ](https://sonelablog.com/category/freedom-war/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be/

---

প্রিয় বাংলাদেশ,

তুমি নিশ্চয় ঘুমিয়ে পড়েছ।

অবশ্য তোমার ঘুমানোরই কথা।

বৃষ্টিভেজা নিঝুম রাত, চারপাশে

শান্তিময় নিরবতার আরাম।

 

রাস্তা থেকে আসছেনা কোনও

ঘাতক বাহিনীর ট্রাকের শব্দ।

বাতাসে ভাসছেনা মৃত্যুর চিৎকার,

দরোজায় ঘাতকেরা নাড়ছেনা কড়া।

 

তোমার পিতার বুকে বেয়নেট তাক করা নেই,

তোমার মায়ের, বোনের সম্ভ্রম নিরাপদ আজ,

তোমার স্ত্রী তোমারই বুকে ঘন নিঃশ্বাস ফেলে।

 

অথচ,

আজ থেকে ঠিক তেতাল্লিশ বছর আগের এই রাতে,

অনেক পিতার বেয়নেটবিদ্ধ বুক রক্তে কেঁদেছিল,

অনেক মায়ের, বোনের পিশাচে খুবলে খাওয়া দেহ,

নরক যন্ত্রনায় কাৎরে কাৎরে লাশ হয়ে গিয়েছিল,

অনেক স্ত্রী ঘাতকের লালসার বলি হয়ে স্তব্ধ হয়েছিল,

অনেক অবোধ সন্তানের ছিন্নভিন্ন শব

পড়ে ছিল জনক জননীর রক্ত পুকুরে।

 

ও বাংলাদেশ, আজ ঘুমুচ্ছ, ঘুমাও।

শুধু কাল রাত্রিশেষে জেগে উঠে,

সেই সব পিতাদের জন্য,

সেই সব মায়েদের জন্য,

সেই সব বোনেদের জন্য,

সেই সব স্ত্রীদের জন্য,

সেই সব সন্তানদের জন্য,

ক’ফোঁটা চোখের জল ফেল কৃতজ্ঞতায়।

 

তোমার রাত্রির শান্তির ঘুম যে,

তাঁদেরই নির্মম মৃত্যুর বদান্যতা!

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be/#comments
