# ফেরারী অতীত

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-12-23T18:00:02+00:00
- Updated: 2022-02-01T00:36:21+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%85%e0%a6%a4%e0%a7%80%e0%a6%a4/

---

তোমার অপেক্ষায় বৃদ্ধ হয় সময়ের তিথি;

তোমার অপেক্ষায় দেবতার ফুল সমাহিত হয় ডায়েরীর কফিনে।

তোমার জন্য বঙ্কিম-সমরেশ-শীর্ষেন্দু-শরত বাবু পরে রয় এলোমেলো সন্ধ্যায়;

তবুও তুমি আসো না বর্ষার কদম হয়ে, বিলের শাপলা-শালুকে নৈস্বর্গিক পসরা হয়ে।

আসো নাকো শরতের শিউলি তলায় বাসন্তী সাজে, বকুলের সোনা বাঁধানো সিক্ত-কঙ্কন বিছানো ছায়াতলে।

তুমি থাকো স্বীয় স্বার্থে আপনারে নিয়ে;

সুখ-বিলাস মন্থনে পেয়েছো কি অমৃতের সন্ধান?

ব্যস্ততার উত্তাল ঢেউয়ে ভেসে আসে কি মনি-মুক্তা, হীরা-জহরত?

পৃথিবীর অবহেলায় ঝরে পড়ে সহস্র নক্ষত্র রাজি;

তবুও জংলী ফুল গন্ধ বিলায়, ঘাসফড়িং উড়ে বেড়ায় অবিরত পথমাড়ানো ঘাসের ডগায়।

কোন সে অবুঝ সাধনে নিজেকে বিলাও নিরন্তর ব্যর্থতায়?

তোমার ফিরে আসার অপেক্ষায় পরিযায়ী স্বপ্নরা,

ঝরে পড়া নক্ষত্র বালুকাবেলায় পাপড়ির ভাঁজ খুলে।

 

ছবি-গুগল

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%85%e0%a6%a4%e0%a7%80%e0%a6%a4/#comments
