# ফেটে পড়া বাড়ন্ত প্রাণোন্মাদ উষ্ণতা

Author: ছাইরাছ হেলাল
Published: 2019-01-08
Category: গল্প
URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%9c%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a7%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8d/

এ এক কঠিন পণ, রৌদ্রোজ্জ্বল উষ্ণতায়, নত মুখের ভান করে নিরন্তর হেঁটে যাওয়া  
বিষুব রেখা বরাবর। আহ্নিক গতি বার্ষিক গতির থোরাই কেয়ার করে।  
কারো কোন পিছু ডাক শুনব-না শুনছি-না ভাব ধরবো।

(আমার) নাম ভূমিকায় অভিনয় করতে রাজি হয়েছে/রাজি করিয়েছি এক আধ-জনকে।  
পালা করে ভিন্ন ভিন্ন রূপ ধরে। নিষ্কৃতির আশা নিয়ে। খুব যে কাঠখোট্টা হবে, তা না।  
ভাগ্যিস তারা বিজ্ঞজন কাঠগোলাপ বলে না, তবে কিছু একটা বানিয়ে-ছানিয়ে বলবেই বলবে, ভাব নিতে হবে যে।

নিঃসঙ্গতার কিছু না মিলাতে পারা অঙ্ক সহসাই পিছু নেবে নাছোড় বান্দা হয়ে। এলিয়ে পড়া  
সোমত্ত-বসন্ত-ডাক হিস হিস শব্দ তুলে বিষের নীল ছড়াবে পথ আগলে।  
ভান করে করে একটু ধীর গতি নেব শুধু।

ফেটে পড়া বাড়ন্ত প্রাণোন্মাদনা চেপে রাখব নির্ঘুম-ঝর্ণা-জলের বকুনি খেয়ে,  
ভান-করে ভান-ধরে হেঁটে হেঁটে পেরিয়ে যাব অযুত সীমান্ত ধার ঘেঁসে ঘেঁসে,  
অন্ধকারের নিবিড় রাতে।
