# ফুটপাতে কবিতার ঈশ্বর

Author: পারভীন সুলতানা
Published: 2016-01-27
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0/

ফুটপাতে এখন গাঢ় অন্ধকার,  
সারিবদ্ধ মানুষের ক্লান্ত শয়ান,  
এদিক ওদিক কুক্কুরী আর কুকুর পাহারাদার ।  
কথা কয় গাছ আর গাছের সঙ্গী পুরুষ।  
ফুটপাতে ছেড়া কাগজ, টিনের কৌটা ভাঙ্গা বোতল।  
নদীর করাল গ্রাস, ভেসে এল নতুন খাতার পাতা  
এঁটো খায়, ভিখ মাঙ্গে শহর বন্দর রাস্তায় ।  
এক টুকরো মলিন কাগজ, উৎকীর্ণ কবিতা,  
কবিতায় মুগ্ধ বাতাস, উঠে এল আঙ্গিনায় ।  
ঘর মোছে , ঝাঁট দেয়  
কচি বাহু শিশুর মুখে ধরে দুধের বোতল ।  
কে শিশু? তন্ন তন্ন করে খোঁজে  
শিশু আর বয়সন্ধি সুত্র যুতসই উপাত্ত ধরে ;  
রক্ষকই ভক্ষক, পিতা যেমন তেমন পুরুষই ক্ষমতাধর।  
কবিতা পাখি হয়, বাতাসে উড়ে বেড়ায় শাখা বিশাখায়।  
কবিতার বয়সন্ধি ,শাড়িতে ভালই মানায়  
ছিন্নমূল মানুষের রাতের বাসর। হা-অন্ন দেহ ফিসফিস কথা কয়।  
কাগজে উৎকীর্ণ কবিতা ছিন্নভিন্ন এখন  
প্রায়শই ধর্ষিত হয় আতঙ্কিত ভালবাসায়;  
আদিম উষ্ণতায় আদি-অন্ত খেলায় ।  
কবিতা নিশ্চুপ তখন।  
অথচ এই কবিতা, কবিতার ছোট্ট খুকু এখন বৃক্ষ শরীর ।  
উড়ো ঝড়, উত্তাল প্লাবন কিংবা মাটিকাঁপা ভুমিকম্পন  
নিরুদ্বেগ নির্ভয় নিরুত্তাপ বাসী জীবন ।  
কবিতা তুমি কেমন আছ ? কি তোমার আজন্ম পাপ ?  
কি ধর্ম তোমার ?  
কোথায় ফুটপাতে তোমার করুনাময় ঈশ্বর ?  
১৮/১২/১৫
