# ফিরে এলো কদম…

Author: মেহেরী তাজ
Published: 2016-08-03
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%a6%e0%a6%ae/

[![28112408503\_fc3ea9a981\_b \[\]](http://sonelablog.com/wp-content/uploads/2016/08/28112408503_fc3ea9a981_b-.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/08/28112408503_fc3ea9a981_b-.jpg)

#### “বর্ষার প্রথম কদম ফুল যে তোমায় দিবে সে সারাবছর তোমায় সবচেয়ে বেশি ভালোবাসবে”

একটা সময় ছিলো যখন মনে প্রাণে এই কথাটা বিশ্বাস করতাম। হয়ত তখন ছোট মানুষ ছিলাম বলেই এমন থিউরি বিশ্বাস করতে ভালো লাগতো। বর্ষা নামলেই রীতিমত চিন্তায় থাকতাম না জানি এই বর্ষার প্রথম কদম আমায় কে দেয়। আর আমিই বা কাকে দেবো!

স্কুল পাশ করে কলেজে ওঠার সাথে সাথে গোলাগের প্রতি একটা নেশা ধরে গেলো! সবাই জন্মদিনে, ফ্রেন্ডশিপ ডে, এই শিপ ডে, সেই  শিপ ডে বিভিন্ন দিনে গোলাপ দেওয়া শুরু করলো! সেই সাথে পড়া লেখার চাপে কদম নামক হলুদ সাদা ফুলটার স্মৃতি ফিকে হতে শুরু করলো!

দেখতে দেখতে কলেজ পাশ করে অনার্সে ভর্তি হয়ে গেলাম। এই সময়ের একমাত্র চিন্তা মাথায় ছিলো রেজাল্ট ভালো করতে হবে। মানে পড়তে হবে। যখন অনার্স লেভেলে একটা মোটামুটি ফ্রেন্ড সার্কেল হয়ে গেলো তখন প্রায় দিন সবাই মিলে এখানে সেখানে ঘুরতে বের হতাম। চা, ফুচকা, চটপটি মুড়িমাখা এই ধরনের ছোট ছোট খাবার গুলোর উপর এক্সপেরিমেন্ট চলতো! বিভিন্ন কারনে আর সময়ের ব্যবধানে কদম নামক ফুলটার কথা একেবারেই ভুলে গেলাম এই সময়। সেই সাথে ভুলে গেলাম কদম থিউরি।

এবার যখন বাড়ি গেলাম তখন আমার ছোট বোন আমায় এক ধাক্কা দিয়ে কদম থিউরির সময়ে ফেরত নিয়ে গেলো! ওর সাথে আমার কিছু কথোপকথন :

সে: আপু? এই বর্ষায় কদম দেখছিস!?

আমি: নাহ!

সে: তোর কি সেই কথাটা মনে আছে?

আমি: কোনটা? ( আমি বুঝতেছি, তাও)

সে: ওই যে “বর্ষার প্রথম কদম তোমাকে যে দিবে সেই সারাবছর তোমায়…….”

আমি: হুম মনে আছে

সে: তোকে এবার কেউ কদম দেয় নি?

আমি : না……..!

সে: ভালো হইছে।

আমি চোখ গরম করে তার দিকে তাকাতে গিয়ে দেখি সে ঘর থেকে বেড়িয়ে গেছে অনেক আগেই।

[![28695443756\_f9c137193e\_b \[\] (2)](http://sonelablog.com/wp-content/uploads/2016/08/28695443756_f9c137193e_b-2.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2016/08/28695443756_f9c137193e_b-2.jpg)  
 পরের দিন সকাল বেলা ঘুমের মধ্যে কিসের যেনো গন্ধ পেয়ে চোখ মেললাম।  চোখ ঘষে বোঝার চেষ্টা করলাম কিসের গন্ধ! পারলাম না! রুমের আলো জ্বালিয়ে আমি আশ্চর্য হয়ে গেছি! রুমের পড়ার টেবিলের এক পাশে অনেক গুলা “কদম ফুল”।  গন্ধটা কদম ফুলের!  এতো সুন্দর সদ্য গাছ থেকে নামানো কিছু ফুল! আমি এক সময় এই অদামীফুল গুলো অনেক পছন্দ করতাম! এখন ও করি সেটা ঠিক বুঝতেছিলাম না! ফুল গুলো দেখার পর সেটা আবার মনে হয়েছে! এখন আমার ভাবতেই ভালো লাগছে। কেউ যদি আমায় প্রশ্ন করে “তোমার পছন্দের ফুল কি”? আমি বলতে পারবো! কোন দোটানা থাকবে না। আমি বলতেই পারবো আমার পছন্দের ফুল “কদম”। 🙂 

রাস্তার পাশে ফুটে থাকা ফুল গুলোও “ফুল ” হয়! সব ফুলের নাম থাকে না, দামও থাকে না! কিন্তু প্রত্যেক ফুলেরই একটা গন্ধ থাকে। সেই গন্ধ দিয়েই ভালোবাসার তীব্রতা প্রকাশ করা যায়।
