# ফিরিয়ে দিও

Author: হালিম নজরুল
Published: 2020-05-19
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%93/

পারো যদি ফিরে’ দিও ফেলে আসা দিন,  
তুমিও সামনে এসো বিশেষণহীন।

ফিরে দিও ফিরে দিও তেরনলা বিল,  
নিষ্পাপ ময়নার হাসি খিলখিল।  
ফিরে দিও মোড়ভাঙা-শেখপাড়া মাঠ,  
শেফালীর খুব প্রিয় মাথাভাঙা ঘাট।  
শতশত স্মৃতিমাখা কালীতলা বন,  
উদাস উদাস ভরা আশিকের মন।

আবার আসুক ফিরে বোয়ালিয়া গ্রামে,  
উঠুক নবান্ন মেতে শত শ্রমে ঘামে।  
আবার সে কিতকিত-হাডুডু’র মেলা,  
কানামাছি বৌচি ও কত শত খেলা।  
বৈশাখী মেলাতে পুতুলের বিয়ে,  
জারি সারি ভাসানের পালা ডালা নিয়ে।

আবার আসুক চলে কাটাভাঙা গাঁয়,  
গরুগাড়ী-পালকি বা পাল তোলা নায়।  
পারো যদি তুলে দিও মাফুজার হাতে,  
শিউলী-কদম-বেলি শরতের প্রাতে।  
আবার আয়শা-ডলি-নাদিরার চোখ,  
শতশত বন্ধুর কাঙ্খিত হোক।  
আবার উঠুক বেজে বেহুলার গান,  
সরে থাক দুখ তাপ বিরহীর পাষাণ।

সেই ঘুড়ি-গুঁড়মুড়ি ফিরবেনা জানি,  
দাদু-নানু আর সেই প্রিয় মুখখানি।  
স্মৃতির পাতায় ভাসে কতশত নাম,  
কেউ কি বুঝেছি কার ছিল কত দাম?  
মনের গহীনে শুধু ভাসে সারাক্ষণ,  
আজ বুঝি সকলের খুব প্রয়োজন।

——————–0 0—————-

\*\*\*(ফিরে= ফিরিয়ে)\*\*\*
